বিদ্রোহীদের কবজায় আরও একটি শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামাদি শহরে সুন্নি বিদ্রোহী দমনে সেনাবাহিনীর টহল: ছবি-রয়টার্স
রামাদি শহরে সুন্নি বিদ্রোহী দমনে সেনাবাহিনীর টহল: ছবি-রয়টার্স

ইরাকের সুন্নি বিদ্রোহীরা দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আরও একটি শহর দখল করে নিয়েছে। এই নিয়ে গত দুই দিনে তারা আনবারের চতুর্থ শহর দখলে নিল।
কর্মকর্তারা বলেছেন, আজ রোববার জর্ডান সীমান্ত থেকে ৯০ মাইল দূরে অবস্থিত রুতবা শহরটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সুন্নি বিদ্রোহীদের জঙ্গি সংগঠন ইসলামিক এস্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএস)। এর আগে বিদ্রোহীরা সিরিয়া সীমান্তবর্তী একটি এবং পশ্চিমাঞ্চলীয় আরও দুটি শহর দখল করে নেয়।
ইরাক সরকার বলেছে, উত্তরাঞ্চলীয় তিকরিত শহরে সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ জন জঙ্গি নিহত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন, যারা মারা গেছে তারা স্থানীয় সাধারণ বাসিন্দা।
বিদ্রোহীদের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, সুন্নি-অধ্যুষিত আনবার প্রদেশের পুরোটা দখল করাই এখন তাদের লক্ষ্য। বাগদাদ ও জর্ডানের মাঝখানে রুতবা শহরটির অবস্থান। সামরিক কৌশলগত কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা।
এর আগে গত শনিবার বিদ্রোহীরা আনবার প্রদেশের ইউফ্রেটিস নদীর তীরবর্তী রাওয়া ও আনাহ শহর দখলে নেওয়ার ঘোষণা দেয়। একই দিন ইরাকের সরকারি কর্মকর্তারা স্বীকার করেন, তুমুল লড়াইয়ের পর ওই প্রদেশের ক্বায়িম শহর দখল করে বিদ্রোহীরা।
বিদ্রোহীরা বলেছে, দখলকৃত চারটি শহর থেকে মোতায়েন করা সরকারি বাহিনীর সদস্যরা পালিয়ে গেছেন। সেখানকার সব সামরিক স্থাপনা বিদ্রোহীদের দখলে রয়েছে।
সামরিক বিশ্লেষকেরা বলেছেন, সীমান্তবর্তী শহরগুলো বিদ্রোহীদের দখলে যাওয়ায় তাদের পক্ষে অস্ত্র ও সরঞ্জাম আনা নেওয়ার পথ সুগম হবে। এতে তাদের শক্তি বহু গুণ বেড়ে যাবে। আশপাশের শহরে তাদের তত্পরতা সম্প্রসারিত হবে।

ইবরিল শহরে অবস্থানরত বিবিসির সাংবাদিক জিম ম্যুর বলেছেন, বিদ্রোহীরা মনে করছে ইউফ্রেটিস নদীর তীরবর্তী পুরো এলাকা বড় ধরনের সংঘর্ষ ছাড়াই তাদের দখলে চলে আসবে। কারণ, এসব অঞ্চলে বসবাসরত সুন্নি আদিবাসীরা তাদের পক্ষে রয়েছে।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ফালুজা ও রামাদি শহরের অধিকাংশ এলাকা বিদ্রোহীদের দখলে রয়েছে।

আইএসআইএসের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, তাঁদের চূড়ান্ত লক্ষ্য বাগদাদ। এ লক্ষ্য পূরণে তাঁরা এখন পশ্চিম সীমান্ত ও ফালুজার মধ্যবর্তী পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে চাইছেন।