আলোচনার চলমান উদ্যোগ সত্ত্বেও দক্ষিণ সুদানে সংঘাত তীব্রতর হচ্ছে। দেশটির সেনাবাহিনী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বেনটিউ ও বোর শহরের দিকে এগিয়ে যাচ্ছে।
কিছু এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। ব্যাপক রক্তপাতের আশঙ্কায় বাড়িঘর ছাড়ছে ওই অঞ্চলের সাধারণ মানুষ। সংঘাত বন্ধের প্রচেষ্টা হিসেবে অস্ত্রবিরতি প্রশ্নে আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতার প্রক্রিয়া থমকে গেছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, তাঁরা শিগগিরই বেনটিউ শহরে প্রবেশ করবেন। এরপর বোর শহরের দিকে অগ্রসর হবেন। দুটি শহরেই সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হবে তাঁদের মূল লক্ষ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনী বেনটিউ শহরের প্রবেশের আগে সেখানে ব্যাপক লুটপাট শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ভারী অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি শহরের কেন্দ্রস্থলে ব্যাপক লুটপাট চালায়। গতকাল শুক্রবার লুটপাট না হলেও পরিস্থিতি ছিল থমথমে। বিদ্রোহীরা শহরের প্রবেশমুখে ট্যাঙ্ক মোতায়েন করে অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।
অন্যদিকে বেনটিউ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে বোর শহরে ব্যাপক সহিংসতার মুখে শত শত মানুষ প্রাণভয়ে পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়া লোকজন অভিযোগ করছে, সেখানে বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। পলায়নপর লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। সহিংসতার মুখে পালিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো রাখাল গ্যাব্রিয়েল বোল জানান, আক্রমণকারীরা মেশিনগান দিয়ে গুলি ছুড়েছে। তিনিসহ একদল মানুষ নদী সাঁতরে পার হয়ে প্রাণে রক্ষা পেয়েছে। বোল বলেন, ‘তারা এলোপাতাড়ি গুলি ছুড়ছিল। আমরা প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ি। নদীতেও গুলি ছোড়ে তারা। ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গেছি।’
আতঙ্কিত বোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের মিনকামেন এলাকা থেকেও শত শত মানুষ প্রাণভয়ে পালিয়ে গেছে।
জাতিসংঘ অভিযোগ করছে, বিদ্রোহীরাই লুটপাট ও সহিংসতা চালাাচ্ছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের উপপ্রধান টবি ল্যাঞ্জা বলেন, বেনটিউর বিভিন্ন স্থানে বিদ্রোহীরাই লুটপাট চালিয়েছে। এমনকি দাতা সংস্থার জিনিসপত্রও লুটপাট থেকে বাঁচানো যায়নি।
প্রায় ২৫ দিন ধরে চলা সংঘাতে দেশটিতে অন্তত এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে দুই লাখ। অনেক মানুষ রাজধানী জুবায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদের নিরাপত্তা দিচ্ছে। এ ছাড়া প্রতিবেশী দেশ উগান্ডায় পালিয়ে গেছে অনেকে।
দক্ষিণ সুদানে গত ১৫ ডিসেম্বর ‘ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার’ পর সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট সালভা কিরের অভিযোগ, তাঁকে ক্ষমতাচ্যুত করতে সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সমর্থকেরা অভ্যুত্থানের চেষ্টা করে। মাচার তা অস্বীকার করেছেন। কির ও মাচার দুই জাতিগত গোষ্ঠীর মানুষ। মাচারকে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে গত জুলাইয়ে সরিয়ে দেন কির। বিবিসি।