বিদ্রোহীদের দমনে অভিযানের নির্দেশ প্রেসিডেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেশের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। ইউক্রেন সংকট জটিল হতে থাকায় মস্কোর ওপর আরও অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওই অঞ্চলের দিকে রওনা হয়েছে মার্কিন সেনারা।
যুক্তরাষ্ট্রের হুমকি আর ইউক্রেন প্রেসিডেন্ট বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযানের ঘোষণার মধ্যে রাশিয়া বলেছে, ইউক্রেনে রাশিয়ার কোনো স্বার্থ আক্রান্ত হলে মস্কো বসে থাকবে না। ২০০৮ সালে যেভাবে জর্জিয়ার দক্ষিণ ওসেতিয়ায় জবাব দেওয়া হয়েছিল, এখানেও ঠিক একইভাবে জবাব দেওয়া হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাষ্ট্রায়ত্ত আরটি টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আক্রান্ত হলে অবশ্যই জবাব দেব।’ তিনি বলেন, রাশিয়ার নাগরিক আক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে রুশ ফেডারেশন আক্রান্ত হওয়া।
তবে কীভাবে জবাব দেওয়া হবে, সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলেননি লাভরভ।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোতে আরও ৬০০ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। ওই এলাকার মিত্র দেশগুলোকে ‘আশ্বস্ত’ করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউক্রেনের রুশ ভাষাভাষী অধ্যুষিত পূর্বাঞ্চলে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের শরীরে ‘বর্বর নির্যাতনের’ চিহ্ন রয়েছে। তাদের মধ্যে একজন স্থানীয় রাজনীতিক, যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুরচিয়ানভের রাজনৈতিক দলের নেতা। এক সপ্তাহ আগে তাঁকে অপহরণ করা হয়েছিল।
মৃতদেহ দুটি উদ্ধারের পর গত মঙ্গলবার রাতে পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবিরোধী নতুন অভিযান চালানোর ঘোষণা দেন তুরচিয়ানভ।
কিয়েভের এই ঘোষণা সংকট নিরসনে জেনেভায় গত সপ্তাহে ইউক্রেন, রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে সম্পাদিত চুক্তির কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। পূর্ব ইউক্রেনে কয়েকজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পর এমনিতে ওই সমঝোতা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রেসিডেন্ট তুরচিয়ানভের ঘোষণার পর দেশটি পূর্ণমাত্রায় গৃহযুদ্ধে নিমজ্জিত হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
এদিকে ১৫০ মার্কিন সেনার একটি দল গতকালই পোল্যান্ডে পৌঁছানোর কথা। আর সামনের দিনগুলোতে আরও ৪৫০ সেনা লাটভিয়া ও লিথুনিয়ায় মোতায়েন করা হবে।
মার্কিন রিয়ার অ্যাডমিরাল জন কিরবি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, এই পদক্ষেপ মস্কোকে এই বার্তা দেবে, ‘ইউরোপ নিয়ে আমাদের দায়িত্বকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখে থাকি।’ এএফপি ও বিবিসি।