বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে সিরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহীদের দমনে সিরিয়া সরকার স্বল্পমাত্রার হলেও রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন গোয়েন্দাদের কাছে এ বিষয়ে তথ্যপ্রমাণ আছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। একই অভিযোগ যুক্তরাজ্যেরও।সিরিয়ায় সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে, এ অভিযোগ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল শুক্রবার বলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ‘সীমিত কিন্তু মারাত্মক’ প্রমাণ রয়েছে। এটি একটি যুদ্ধাপরাধ এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একমত পোষণ করে ক্যামেরন বলেন, সিরিয়ার এই আচরণ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্কসংকেত। তবে এর জবাব হবে রাজনৈতিক, সামরিক নয়। চাপের মুখে আন্তর্জাতিক সম্প্রদায় এখন কী পদক্ষেপ নেয়, সেটি গুরুত্বপূর্ণ। সিরিয়ার বিরোধী জোটকে শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ, নির্দেশনা ও সহায়তা দিতে হবে এবং সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিরোধীদের সঙ্গে কাজ করতে হবে। সিরিয়ায় ব্রিটিশ সেনা পাঠানো হবে কি না প্রশ্ন করা হলে ক্যামেরন বলেন, তিনি এমনটা চান না এবং তা ঘটার সম্ভাবনা আছে বলেও মনে করেন না। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহূত হয়ে থাকতে পারে বলে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার প্রথমবারের মতো মন্তব্য করে। তবে এ অভিযোগের সত্যতা সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলো এখনো শতভাগ নিশ্চিত নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে, তারা সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের সীমিত, কিন্তু মারাত্মক অভিযোগ পেয়েছে। গত বৃহস্পতিবার আবুধাবিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল সাংবাদিকদের বলেন, ‘আমাদের গোয়েন্দারা বেশ শক্ত ভিত্তির ওপরে দাঁড়িয়ে বলছেন যে সিরিয়ার সরকার বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে, বিশেষভাবে সারিন গ্যাস। এটা পরিষ্কারভাবে যুদ্ধনীতির লঙ্ঘন।’ এই রাসায়নিক অস্ত্র কী পরিমাণে ব্যবহার করা হয়েছে বা এর প্রভাব কী, সে বিষয়ে জনসমক্ষে কোনো বক্তব্য দেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।রাসায়নিক অস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে হয়তো সিরিয়া সংকট নিরসনে সরাসরি হস্তক্ষেপের দিকে যেতে পারে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত তদন্তে মার্কিন সিনেটরদের কাছে চিঠি পাঠানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। হোয়াইট হাউসের আইনবিষয়ক পরিচালক মিগুয়েল রদ্রিগেজের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছেন। এ কারণে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের প্রয়োগ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করাটা আমাদের নৈতিক বাধ্যবাধকতা।’মুনের আহ্বান: এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্তের জন্য পরিদর্শকদের অনুমতি দিতে সিরিয়ার প্রতি আবারও জরুরি আহ্বান জানিয়েছেন।সিরিয়ার সরকারি বাহিনী সম্ভবত রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে, যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কার পর মুন বৃহস্পতিবার জরুরি এ আহ্বান জানান। জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসেক্রি বলেন, ‘জাতিসংঘের মহাসচিব পরিদর্শক দলকে সম্পূর্ণ ও অবাধ প্রবেশের অনুমতি দিতে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছেন। আজ নতুন করে তিনি এ আহ্বান জানান।’যেকোনো সময়ে তদন্তকাজ শুরু করতে পরিদর্শক দল প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।জাতিসংঘ জানায়, সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।আসাদের অভিযোগ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করে বলেছেন, বিদ্রোহীরাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। তাঁর দাবি, জাতিসংঘ পরিদর্শক দলকে বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করতে হবে। তা না হলে তাদের ঢুকতে দেওয়া হবে না।অন্যদিকে বিদ্রোহীদের অভিযোগ, সরকারই তাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে।অবশ্য বান কি মুন বলেছেন, পরিদর্শক দল বিরোধীদের অভিযোগও খতিয়ে দেখবে। মুখপাত্র বলেন, মুন যুক্তরাষ্ট্রের আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান। টাইমস অব ইন্ডিয়া, এএফপি, এপি।