বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার জন্য অস্থায়ী মন্ত্রিসভা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলের জন্য একটি অস্থায়ী মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে পাশ্চাত্য-সমর্থিত বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি)। তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থানরত এসএনসি সদস্যরা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। এদিকে জেনেভা সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে বিরোধী জোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাশ্চাত্য।
যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা আশা করছে, প্রস্তাবিত জেনেভা শান্তি সম্মেলনে এমন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা যাবে, যা সিরিয়ায় সশস্ত্র সংঘাতের ইতি ঘটাতে সাহায্য করবে। তবে এমন মুহূর্তে বিরোধী জোটের অস্থায়ী সরকার গঠনের সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না পশ্চিমারা। তাদের আশঙ্কা, জোটের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে জটিল করে তুলবে।
ইস্তাম্বুল শহরে বিরোধী জোটের নেতাদের এক বৈঠকে অস্থায়ী সরকার ও এর নয়জন ‘মন্ত্রী’র নাম অনুমোদন করা হয়। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র এই অন্তর্বর্তী সরকারের বিরোধী, কারণ তারা মনে করছে, এটা জেনেভা সম্মেলনের ভিত্তিকে দুর্বল করে দেবে...তবে জোটের অনুভূতি হচ্ছে, জেনেভা সম্মেলনে সেটা হলেও তা হবে দীর্ঘ একটা প্রক্রিয়া। এই মাঝের সময়টুকুতে আমরা মুক্ত এলাকাগুলোকে বিশৃঙ্খলার শিকার হতে দিতে পারি না।’
সিরীয় বিদ্রোহীদের জন্য পশ্চিমা সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা মাধ্যম হিসেবে কাজ করে থাকে এসএনসি। তবে এর নেতাদের সবাই দেশের বাইরে থাকেন। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ওপর তাঁদের প্রভাব কতটা রয়েছে, তাও প্রশ্নসাপেক্ষ।
বিরোধী জোট গত সোমবার জানায়, তারা শর্ত সাপেক্ষে জেনেভা সম্মেলনে অংশ নিতে রাজি আছে। ভবিষ্যৎ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো ভূমিকা রাখার সুযোগ থাকলে চলবে না।
জোটের ওই কর্মকর্তা জানিয়েছেন, গতকাল যে অস্থায়ী সরকারের নাম ঘোষণা করা হয়েছে, তাঁতে নয়জনকে ‘মন্ত্রী’ করা হয়েছে। তবে তাঁদের পক্ষে এখনই সিরিয়ায় যাওয়া কঠিন হবে। কেননা, সেখানে বাশার বাহিনী ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের হামলার ভয় রয়েছে। তাই প্রতিবেশী দেশ তুরস্কের সীমান্তবর্তী শহর গাজিয়ানতেপ থেকে অস্থায়ী সরকার কার্যক্রম চালাবে।
বিদ্রোহীদের অস্থায়ী সরকার আন্তর্জাতিক স্বীকৃতি নাও পেতে পারে। তবে সৌদি আরবের মতো কিছু দেশ থেকে তারা আর্থিক সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। অবশ্য বিরোধী জোট জানিয়েছে, কিছু পশ্চিমা দেশ আনুষ্ঠানিকভাবে এই সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তারা সহায়তা দেওয়ার জন্য এটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে আগ্রহী।
এদিকে জেনেভা সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে এসএনসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আবুধাবিতে সাংবাদিকদের বলেন, এটা সামনের দিকে এগোনোর জন্য একটা বড় পদক্ষেপ। আর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল এক বিবৃতিতে বলেছেন, সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানের পথে এটা বিরাট একটা পদক্ষেপ। রয়টার্স ও বিবিসি।