বিদ্রোহীদের পরাজিত করতে আমরা জীবন দিতে প্রস্তুত: গাদ্দাফি
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, বিদ্রোহীদের পরাজিত করতে তিনি জীবন দিতে প্রস্তুত। ক্ষমতা ছাড়লে লিবিয়ায় থাকতে পারবেন—এমন শর্তের চূড়ান্ত সময় পেরিয়ে গেছে বলে বিদ্রোহীদের ঘোষণার পর গাদ্দাফি এ কথা বলেন। গত বুধবার রাতে তাঁর এই অডিও বার্তা প্রচার করা হয়।তিউনিসিয়া সীমান্তের কাছে গাদ্দাফি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা আল ঘাজাইয়া শহরে অভিযান চালিয়েছে বিদ্রোহীরা।অডিও বার্তায় গাদ্দাফি বলেন, ‘আমরা ভীত নই। আমরা অবশ্যই বিদ্রোহীদের পরাজিত করব।’ তিউনিসিয়া সীমান্তের কাছে জালতান শহরে অবস্থানরত নিজের অনুগত সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জীবনের বিনিময়ে শত্রুদের পরাজিত করতে প্রস্তুত।’ গাদ্দাফি তাঁর অনুগত সেনাদের বিদ্রোহীদের দখলে থাকা নাফুসা শহরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন এবং বিদ্রোহীদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বাসঘাতক বিদ্রোহীরা, তোমরা অস্ত্র সমর্পণ করো... মৃত্যু বা আত্মসমর্পণ, যেকোনো একটি বেছে নাও।’বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা মোহাম্মদ আবদেল জলিল বলেন, ‘ক্ষমতা ছাড়লে তিনি (গাদ্দাফি) লিবিয়ায় থাকতে পারবেন—এমন শর্তের চূড়ান্ত সীমা পেরিয়ে গেছে।’সামরিক বাহিনী সূত্র গতকাল বৃহস্পতিবার জানায়, বিদ্রোহী সেনারা বুধবার আল ঘাজাইয়া শহরে অভিযানে ট্যাংক ও রকেট ব্যবহার করে। গাদ্দাফির সেনারা রকেট ছুড়ে এর জবাব দেয়।এদিকে লন্ডনের লিবীয় দূতাবাস থেকে গাদ্দাফির নিয়োগ দেওয়া সব কর্মীকে বহিষ্কারের নিন্দা জানিয়েছে লিবিয়া। গাদ্দাফির উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম বলেন, এটা নজিরবিহীন ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। এএফপি, বিবিসি।