বিদ্রোহীদের পরাজিত করার দাবি সিরীয় কর্তৃপক্ষের
সিরীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সরকার উৎখাতের চেষ্টা করা বিদ্রোহীদের তারা পরাজিত করেছে। দেশটি জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের শান্তি প্রস্তাব অনুযায়ী কাজ করতে নিজেদের সম্মতির বিষয়টি জানানোর এক সপ্তাহের মধ্যে এ ঘোষণা দিল।গতকাল শনিবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, শান্তি ও নিরাপত্তা ফিরে এলে শহর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। জিহাদ মাকদিসি বলেন, ‘সিরিয়ার বিভিন্ন শহরে সেনাবাহিনীর উপস্থিতি এখন আত্মরক্ষামূলক। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনারা শহরে অবস্থান করছে।’মুখপাত্র জানান, বিদ্রোহীরা পরাজিত হওয়ায় সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ শুরু করছে সরকার।এদিকে গত শুক্রবারও সিরিয়াজুড়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।এ ঘটনার পর জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।কফি আনানের একজন মুখপাত্র বলেন, ‘আমরা আশা করছি, যুদ্ধবিরতির পরিকল্পনা তিনি (বাশার) অবিলম্বে কার্যকর করবেন।’ তিনি জানান, আনান সিরিয়ার বিদ্রোহীদেরও অস্ত্র সংবরণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংকট নিরসনে বিদ্রোহীদের আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টা করছেন।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিদ্রোহীদের অন্যতম ঘাঁটি হোমসের নিকটবর্তী শহর খালদিয়ায় গতকাল সকাল থেকে সেনাবাহিনী নতুন করে রকেট হামলা শুরু করেছে।এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সিরিয়া-সংকট সমাধান এবং রক্তপাত ও সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বাশারের ওপর চাপ প্রয়োগ করতে আজ রোববার তুরস্কের ইস্তাম্বুলে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র বৈঠকে উপস্থিত থাকবেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের মন্ত্রী এবং পশ্চিমা দেশের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেবেন।তবে সিরিয়ার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কীভাবে তাদের সহযোগিতা করা হবে এ নিয়ে ফ্রেন্ডস অব সিরিয়ার সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে।সিরিয়ার প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পক্ষে সৌদি আরব ও কাতার। যদিও এ সিদ্ধান্তের সঙ্গে একমত নয় আরব অঞ্চলের অন্য দেশগুলো।বৃহস্পতিবার বাগদাদে অনুষ্ঠিত আরব লিগের সম্মেলনে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত হয়েছে। এর বদলে সব পক্ষের অংশগ্রহণে ‘গুরুত্বপূর্ণ জাতীয় সংলাপ’ আয়োজনের বিষয়ে মত দেওয়া হয়েছে। এএফপি।