বিদ্রোহীদের সঙ্গে থাই কর্তৃপক্ষের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড সরকার দেশটির সংঘাতপূর্ণ দক্ষিণাঞ্চলে সক্রিয় একটি মুসলিম বিদ্রোহী গ্রুপের সঙ্গে গতকাল বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করেছে। এদিকে দেশটিতে নতুন করে চালানো এক বোমা হামলায় তিনজন নিহত হয়েছে।থাই জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান প্যারাদোর্ন পাত্তানাতাবুত গতকাল বলেন, বারিসান রিভ্যুলুসি ন্যাশনাল (বিআরএন) বিদ্রোহী গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় দক্ষিণাঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্যারাদোর্ন সাংবাদিকদের বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) আলোচনার প্রধান বিষয় হচ্ছে দেশে সহিংসতা বন্ধ করা। আলোচনায় আমরা পারস্পরিক বিশ্বাস এবং পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।’ তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আলোচকেরা বিদ্রোহীদেরকে আমাদের বার্তা জানিয়ে দেবে। বিআরএন একটি বড় বিদ্রোহী সংগঠন হওয়ায় আমরা তাদের কিছু সময় দেব।’উল্ল্লেখ্য, গত নয় বছরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন প্রদেশে সহিংসতায় সাড়ে পাঁচ হাজারের অধিক লোক প্রাণ হারিয়েছে।এদিকে এই শান্তি আলোচনার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার ভোরে নতুন করে বোমা হামলা হয়েছে বলে অভিযোগ করেছে থাই কর্তৃপক্ষ। এই হামলায় তিনজন নিহত হয়েছে।থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে থাই আধা সামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও পাঁচজন আহত হন। এএফপি।