বিদ্রোহীদের সমর্থনে গোপন নির্দেশে সই করেছেন ওবামা
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর একটি সামরিক বিমানঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। অন্যদিকে রাজধানী দামেস্কে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৪৩ জন নিহত হয়েছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিতে একটি গোপন নির্দেশে সই করেছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি ওই নির্দেশে সই করেন বলে রয়টার্সকে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে ওবামা চলতি বছরের শুরুর দিকে বিদ্রোহীদের সহায়তা দিতে একটি গোপন নির্দেশে সই করেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএসহ অন্যান্য সংস্থার সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়।তবে ওয়াশিংটন সিরিয়ার বিদ্রোহীদের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেছে—এমন খবর এখন পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। যদিও মার্কিন মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ শুরু করেছে।গোপন নির্দেশের ব্যাপারে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটর কোনো মন্তব্য করতে চাননি। তবে গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ‘প্রাণঘাতী নয়’, এমন খাতে সিরিয়ার বিদ্রোহীদের আড়াই কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, এই সহায়তার বেশির ভাগই যোগাযোগের কাজে ব্যবহার্য সরঞ্জামের জন্য দেওয়া হবে। পররাষ্ট্র দপ্তর আরও জানায়, যুক্তরাষ্ট্র সিরিয়ায় মানবিক সহায়তা হিসাবে আরও ছয় কোটি ৪০ লাখ মার্কিন ডলার দেবে।যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানায়, সিরিয়ার ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তুরস্ক ও তার মিত্রদের নিয়ে একটি গোপন কমান্ড পরিচালনার সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহে রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, কাতার ও তুরস্ক সিরিয়ার তুর্কি সীমান্তে গোপন ঘাঁটি গড়ে তুলেছে। সিরিয়ায় বাশারবিরোধীদের সরাসরি সামরিক সহায়তা দিতেই ওই ঘাঁটি গড়ে তোলা হয়। ওই ঘাঁটির প্রাণকেন্দ্র হলো সিরিয়ার সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানায়। সেখানে মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তুরস্ক বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা আরও বাড়াতে পারে।ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, সৌদি আরব ও কাতারের বিত্তশালী পরিবারগুলো সিরিয়ার বিদ্রোহীদের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে। সৌদি ও কাতারের শীর্ষ সরকারি কর্মকর্তারা অবশ্য প্রকাশ্যেই প্রেসিডেন্ট বাশারকে পদচ্যুত করার পক্ষে কথা বলছেন।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা বৃহস্পতিবার সকালে আলেপ্পোর মেনাঘ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে এ হামলা চালানো হয়। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করে, বাশার বাহিনী গত বুধবার দামেস্কের বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল সকালে এসব এলাকা থেকে ৪৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুতিন-ক্যামেরন বৈঠক: সিরিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল লন্ডনে অলিম্পিকের একটি ইভেন্ট দেখার পর এই দুই নেতার বৈঠকে বসার কথা। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘সিরিয়ার পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই।’ তিন কোটি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ডব্লিউএফপি) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার অন্তত তিন কোটি মানুষের জন্য খাদ্য সহায়তা প্রয়োজন। এর মধ্যে দেড় কোটি মানুষের প্রয়োজন জরুরি ভিত্তিতে সহায়তা। রয়টার্স, এএফপি, বিবিসি।