বিদ্রোহীদের সহায়তা বন্ধ না করলে চরম মূল্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাশার আসাদ ষ এএফপি
বাশার আসাদ ষ এএফপি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তুরস্ককে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তারা সিরিয়ায় সরকারবিরোধীদের সহায়তা করা বন্ধ না করলে চরম মূল্য দিতে হবে। গতকাল শুক্রবার তুর্কি টেলিভিশন চ্যানেল হাল্ক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।
এদিকে প্রয়োজন হলে সিরিয়ায় সেনা পাঠানোর পক্ষে একটি প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট।
তুর্কি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘সংকীর্ণতাবাদী’ বলে আখ্যা দেন। বাশার অভিযোগ করেন, তুরস্ক সে দেশের সীমানা ব্যবহার করে সন্ত্রাসবাদীদের সিরিয়ায় ঢুকতে দিচ্ছে। এরদোয়ানকে সতর্ক করে দিয়ে বাশার বলেন, ‘সন্ত্রাসবাদকে পকেটে পুরে রাখতে পারবেন না। এটা সুযোগ পেলে আপনাকেও আক্রমণ করতে দ্বিধা করবে না।’
এদিকে গত বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে পাস করা একটি প্রস্তাবে বলা হয়, প্রয়োজনে সিরিয়ায় এক বছর মেয়াদের জন্য সেনা মোতায়েন করতে পারবে তুরস্ক। পার্লামেন্টের মতে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র প্রতিবেশী সিরিয়ার জন্যও চরম হুমকি। সিরিয়ায় সেনা মোতায়েনের আগের অনুমোদন গতকাল শুক্রবার শেষ হয়ে যাওয়ার একদিন আগে নতুন করে অনুমোদন নেওয়া হলো।
প্রায় আড়াই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীরা তুরস্ক ও সৌদি আরব এবং পশ্চিমা দেশগুলোর সহায়তা পাচ্ছে বলে বারবার অভিযোগ তুলছে সিরিয়া। যদিও প্রতিবেশী তুরস্ক সিরিয়ার এই অভিযোগ অস্বীকার করে আসছে। রয়টার্স ও এএফপি।