বিদ্রোহীদের সাহায্য বন্ধের শর্ত আসাদের

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বলেছেন, শান্তি আলোচনা সফল হওয়ার অন্যতম শর্ত হলো বিদ্রোহীদের সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করা।
রয়টার্স জানায়, প্রেসিডেন্ট আসাদ আজ বুধবার জাতিসংঘের প্রতিনিধি লাখদার ব্রাহিমির সঙ্গে সাক্ষাত্কালে বলেন, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে আলোচনা কেবল তখনই সফল হতে পারে, যখন বিদেশি শক্তিগুলো সরকার উত্খাতে যুদ্ধরত বিদ্রোহীদের সাহায্য দেওয়া বন্ধ করবে।
ঝিমিয়ে পড়া শান্তি আলোচনাকে বেগবান করার লক্ষ্যে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ব্রাহিমি এখন দামেস্কে অবস্থান করছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে আসাদকে উদ্ধৃত করা বলা হয়, তিনি ব্রাহিমিকে বলেছেন, ‘যেকোনো রাজনৈতিক সমাধানের সাফল্য নির্ভর করছে পৃষ্ঠপোষক রাষ্ট্রগুলো থেকে সন্ত্রাসী দলগুলোকে সাহায্য দেওয়া বন্ধ করা ও চাপ সৃষ্টি করা।’
সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে সামনের মাসে জেনেভায় দ্বিতীয় দফার মতো আলোচনা শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত সম্ভাব্য তারিখ ২৩ নভেম্বর। দেশটির গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ প্রাণ হারিয়েছে।
সম্প্রতি ব্রাহিমি যে বক্তব্যে দিয়েছেন, তাতে ভীষণ চটে গেছে বিদ্রোহী দলগুলো। ব্রাহিমি বলেছিলেন, আসাদের অন্যতম সমর্থক রাষ্ট্র ইরানকেও জেনেভার শান্তি আলোচনায় যুক্ত করা আবশ্যক। বিদ্রোহীরা দাবি করছে, যেকোনো শান্তিপূর্ণ সমাধানের প্রথম শর্ত হলো আসাদের পদত্যাগ।
তবে সিরিয়া ও ইরানের সরকার বলেছে, শান্তি আলোচনার জন্য তারা কোনো পূর্বশর্ত দেবে না। আসাদ বলেছেন, সিরিয়ার ভবিষ্যত্ নির্ধারণের পূর্ণ কর্তৃত্ব সিরিয়ার জনগণের।
সিরিয়াতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রিজা শিবানি আজ প্রতিবেদকদের বলেছেন, জেনেভা আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে তাঁর দেশ। তিনি বলেন, ‘সবাই খুব ভালো করেই জানে, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে ইরানের ভূমিকা ইতিবাচক। ইরান যদি আলোচনা থেকে সরে থাকে, তাতে কারও মঙ্গল হবে না।’