বিদ্রোহীদের স্বীকৃতি দিতে ইইউর প্রতি ব্রিটেন-ফ্রান্সের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিদ্রোহীদের স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি গতকাল শুক্রবার বলেছেন, প্রয়োজন হলে শর্ত সাপেক্ষে লিবিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলা চালাতে তাঁরা রাজি আছেন। তবে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর অভিযানের মুখে কোণঠাসা হয়ে পড়ছে বিদ্রোহীরা।লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলন শুরুর আগে এক বিবৃতিতে দেশ দুটি এ আহ্বান জানায়। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি সম্মেলনে বলেন, গাদ্দাফি যদি তাঁর দেশের মানুষের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করে এবং বিমান হামলা চালায়, তাহলে সে ক্ষেত্রে লিবিয়ার নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে রাজি আছে ফ্রান্স ও ব্রিটেন। এতে অবশ্যই জাতিসংঘ, আরব লিগ এবং লিবিয়ার বিরোধীদের সম্মতি থাকতে হবে। তবে সারকোজি স্বীকার করেন, লিবিয়ায় সামরিক অভিযানের বিষয়ে ফ্রান্সে অনেকের আপত্তি আছে। এতে আরব বিশ্ব ক্ষুব্ধ হতে পারে।এদিকে পূর্বের তেলবন্দর রাস লানুফে বৃহস্পতিবার বড় ধরনের লড়াইয়ের পর গতকাল শুক্রবারও সেখানে লড়াই হয়েছে। ট্যাংক নিয়ে ওই শহরে ঢুকে পড়েছে গাদ্দাফি বাহিনী। যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।সুলেমান আবদুল রহমান নামের এক বিদ্রোহী সেখান থেকে বলেন, ‘আমরা আসলে জানি না রাস লানুফে কী ঘটছে। তবে এখনো গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।’ সুলেমান বিমানবিধ্বংসী একটি বন্দুক বসানো পিক-আপ চালিয়ে সেদিকে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘কাজেই আমরা সেদিকে যাচ্ছি লড়াই করতে, আমরা যাচ্ছি বিজয়ী হতে।’অপর এক বিদ্রোহী নেতা জানান, তাঁরা গাদ্দাফি বাহিনীকে ইতিমধ্যে রাস লানুফ শহর থেকে তাড়িয়ে দিয়েছেন। তবে সেখান থেকে এক চিকিৎসক বলেন, সরকারি বাহিনীর অভিযানের মুখে বিদ্রোহীদের অবস্থান সংকুচিত হয়ে পড়ছে। বৃহস্পতিবার সেখানে সংঘর্ষে ১০ জন নিহত হয় বলে ওই চিকিৎসক জানান। এ ছাড়া জাবিয়াহ শহর বিক্ষোভকারীদের কাছ থেকে গাদ্দাফির বাহিনী দখলে নিয়েছে বলে সেখান থেকে পশ্চিমা সাংবাদিকেরা নিশ্চিত করেছেন।এদিকে বৃহস্পতিবার রাতে অনুসারীদের এক সমাবেশে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম বলেন, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে বিজয় সমাগত। সেনারা বিদ্রোহীদের উৎখাত করতে বেনগাজির দিকে অগ্রসর হচ্ছে জানিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আসছি।’বিক্ষোভকারীদের নেতা সাবেক বিচারমন্ত্রী মুস্তাফা আবদুল জলিল লিবিয়াকে নো-ফ্লাই জোন ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাদ্দাফি বাহিনীর বিমান হামলায় লিবিয়ার মানুষ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমরা চাই এক্ষুনি লিবিয়াকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হোক।’মুস্তাফা জলিল আরও বলেন, ‘এ ছাড়া লিবিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমাদের অস্ত্র এবং ওষুধসহ মানবিক সাহায্য দেওয়া হোক।’এদিকে জাতিসংঘ গতকাল জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি লিবিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ লিবিয়া ছেড়ে পালিয়েছে। এর মধ্যে সীমান্ত অতিক্রম করে তিউনিসিয়ায় ঢুকেছে এক লাখ ৩৭ হাজার, মিসরে এক লাখ সাড়ে সাত হাজার, আলজেরিয়ায় পাঁচ হাজার ৪০০ এবং নাইজারে দুই হাজার ২০০। এএফপি, বিবিসি, রয়টার্স।