সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে বিদ্রোহীদের হটাতে সর্বাত্মক অভিযান শুরু করেছে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী। গত কয়েক দিনের লড়াইয়ে দামেস্কের যেসব এলাকায় বিদ্রোহীরা নিজেদের অবস্থান মজবুত করেছিল, সেখানে বিশেষ অভিযান চালাচ্ছে সরকারি সেনারা।সিরিয়ার সরকারবিরোধী ব্যক্তিরা বলছেন, দামেস্কের পুরো নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে সরকারি বাহিনী। এ পদক্ষেপের অংশ হিসেবে ভারী অস্ত্র ও হেলিকপ্টার নিয়ে গত শুক্রবার থেকে বিদ্রোহীদের ওপর সর্বাত্মক হামলা চালানো শুরু করেছে সেনারা।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিশেষ অভিযান চালিয়ে দামেস্কের মিদান এলাকা থেকে বিতাড়ন করা হয়েছে ‘সন্ত্রাসীদের’। তবে সরকারি বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে বিদ্রোহীরা দামেস্কের অন্যান্য এলাকা ও সীমান্তে হামলা জোরদার করেছে।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গত বুধবারের আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়া তিন শীর্ষ কর্মকর্তার স্মরণে শুক্রবার দেশটিতে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের মূল আয়োজনে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট আসাদ।লন্ডনভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষক সংগঠন জানিয়েছে, সিরিয়াজুড়ে সহিংসতায় শুক্রবার নিহত হয়েছে ২৩৩ জন। এর মধ্যে ১৫৩ জন বেসামরিক নাগরিক, সরকারি সেনা ৪৩ জন ও বিদ্রোহী ৩৭ জন।অন্যদিকে গতকাল শনিবারও সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার থেকে শহরটিতে সরকারি বাহিনীর ওপর প্রচণ্ড হামলা চালানো শুরু করে বিদ্রোহীরা। একটি মানবাধিকার পর্যবেক্ষক সংগঠন জানিয়েছে, ১৬ মাসের ভেতর সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলেপ্পোতে এটাই সবচেয়ে ভয়াবহ লড়াই।তুরস্ক ও ইরাক সীমান্তে কর্তৃত্ব হারানো ক্রসিংগুলো (সীমান্ত পারাপার) অবারও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। গত শুক্রবার আকস্মিক হামলা চালিয়ে ওই ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। গুরুত্বপূর্ণ এসব ক্রসিংয়ের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে বিদ্রোহীরা সরকারি বাহিনীর প্রচণ্ড হামলার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এসব সীমান্ত-ক্রসিংয়ের দখল বিদ্রোহীরা গতকাল পর্যন্ত ধরে রাখতে পেরেছে কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে।এদিকে নিরাপত্তা পরিষদ শুক্রবার সর্বসম্মতভাবে সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে। একই সঙ্গে দেশটিতে ভারী অস্ত্রের ব্যবহার বন্ধ এবং লড়াইয়ের তীব্রতা কমে এলে পর্যবেক্ষকদের মেয়াদ আরও বাড়ানোর বিষয়েও রাজি হয়েছে নিরাপত্তা পরিষদ।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সিরিয়া-পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় গত কয়েক দিনে দেশটি ছেড়ে অসংখ্য মানুষ লেবাননসহ আশপাশের দেশগুলোয় আশ্রয় নিয়েছে।সংস্থাটি বলছে, গত ৪৮ ঘণ্টায় (বুধ ও বৃহস্পতি) সিরিয়া সীমান্ত পাড়ি দিয়ে লেবাননে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা নয় থেকে ৩০ হাজার। অথচ আগে থেকেই দেশটিতে নিবন্ধিত ২৬ হাজার ৯০০ শরণার্থী (সিরিয়ার) রয়েছে।ইউএনএইচসিআরের একজন মুখপাত্র জানান, গত সপ্তাহের শেষ চার দিনে আড়াই হাজার সিরিয়ার নাগরিক জর্ডান গেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার তিন হাজারেরও বেশি সিরিয়ার নাগরিক ইরাক পালিয়ে গেছে। এএফপি।