বিদ্রোহীরা কোণঠাসা, সমাধানের খোঁজে কফি আনান
সিরিয়ার রক্তক্ষয়ী বিদ্রোহ গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষে পা রেখেছে। ২০১১ সালের ১৫ মার্চ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দারায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে এই বিদ্রোহের সূচনা হয়।এমন একটা সময়ে বিদ্রোহের এক বছর পূর্তি পালিত হচ্ছে, যখন জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত কফি আনান সিরিয়া-সংকটের শান্তিপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করছেন। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশারের অনুগত নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন অভিযানের মুখে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। ইতিমধ্যে বিদ্রোহীরা দেশের অনেক এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। সিরিয়ার সরকারবিরোধী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) যুদ্ধের ময়দান ও রাজনীতির কৌশল—দুই ক্ষেত্রেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। এমনকি জোটের ভেতরকার টানাপোড়েনের কারণে একাধিক সদস্যের পদত্যাগের ঘটনাও ঘটেছে।সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখনো ঐকমত্যে পোঁছাতে পারেনি। নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার একাধিক উদ্যোগ নিলেও তাতে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।বিদ্রোহের এক বছর পূর্তির এক দিন আগেও গত বুধবার দারা শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জন বেসামরিক নাগরিক ও প্রেসিডেন্ট বাশারের পক্ষ ত্যাগ করা সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় এক বছর ধরে চলা বিদ্রোহে আট হাজারের বেশি মানুষ মারা গেছে। এদের অধিকাংশই নিরীহ বেসামরিক নাগরিক।এদিকে গতকাল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দাতা গোষ্ঠীগুলোর একটি জোট এক বিবৃতিতে রাশিয়া ও চীনের প্রতি সিরিয়ার চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘের নেওয়া প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে। ২৭টি দেশের ২০০ সংস্থার এই জোটে রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, কায়রো ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস স্টাডিজ, ক্রিশ্চিয়ান এইড, সিভিকাস অ্যান্ড ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটসসহ বিভিন্ন সংগঠন।কায়রো ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস স্টাডিজের উপপরিচালক জায়াদ আবদেল বলেন, ‘সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের একত্রিত হওয়ার সময় এখন নয় কি?’ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সুয়ার বেলহাসিন বলেন, আন্তর্জাতিক সমপ্রদায়ের অবশ্যই এক হওয়া উচিত এবং বিভীষিকার অবসান ঘটাতে সিরিয়ার মানুষকে সহযোগিতা করা প্রয়োজন।মানবাধিকার সংগঠনগুলোর ওই জোট বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সমপ্রদায়ের অবশ্যই সিরিয়া-সংকট সমাধানে জাতিসংঘ ও আরব লীগের দূত কফি আনানের নেওয়া প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানানো উচিত।গত সপ্তাহে কফি আনান সিরিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। সংকট উত্তরণে তিনি প্রেসিডেন্ট বাশারকে একটি প্রস্তাব দিয়েছেন। তবে প্রেসিডেন্ট বাশার এখনো কফি আনানের প্রস্তাবের অনেক বিষয় সম্পর্কেই তাঁর অবস্থান পরিষ্কার করেননি।কফি আনানের একজন মুখপাত্র জানান, তিনি (আনান) এখনো সিরীয় কর্তৃপক্ষের ‘প্রশ্ন এবং এর উত্তরের’ অপেক্ষায় রয়েছেন।নিউইয়র্কের একজন কূটনীতিক জানান, আজ শুক্রবার জেনেভা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কফি আনান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি অবহিত করবেন। তাঁর প্রস্তাব সম্পর্কে সে দেশের সরকারের অবস্থান সম্পর্কে এবং সংকট উত্তরণের সম্ভাব্য উপায় সম্পর্কে তিনি পরিষদকে জানাবেন।সিরিয়ায় বিরাজমান যুদ্ধাবস্থা থেকে বাঁচতে দেশটির সীমান্তে প্রতিদিনই শরণার্থীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বুধবার এক দিনেই এক হাজার সিরীয় শরণার্থী তুরস্কে প্রবেশ করেছে। এদের মধ্যে বাশার সরকারের পক্ষত্যাগী একজন জেনারেলও রয়েছেন। এএফপি, বিবিসি।