বিধানসভা থেকে ফের বাম বিধায়কদের ওয়াক আউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে আবারও ওয়াক আউট করলেন বামপন্থী বিধায়কেরা। কলকাতার নিউ টাউনের নাম ‘জ্যোতি বসু নগরী’ না করা এবং সারদা গোষ্ঠীর অর্থ কেলেঙ্কারি ইস্যুতে পরপর দুই দিন ওয়াক আউট করলেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালে কলকাতা মহানগরের পাশে রাজারহাট এলাকার নাম জ্যোতি বসু নগরী রাখার সিদ্ধান্ত নিয়েছিল তত্কালীন বামফ্রন্ট সরকার। এ-সংক্রান্ত একটি বিল ২০১১ সালে বিধানসভায় পাস হওয়ার পর তা পাঠানো হয় পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে। কিন্তু সেই বিল অনুমোদনের আগে গতকাল মঙ্গলবার রাজ্য বিধানসভায় সেই নাম ফিরিয়ে নেওয়া-সংক্রান্ত একটি সংশোধনী বিল পেশ করেন রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফরহাদ হাকিম। কিন্তু জ্যোতি বসু নগরীর নাম প্রত্যাহারের প্রস্তাব বিধানসভায় পেশ হওয়ার সঙ্গে সঙ্গে বিধানসভায় বাম বিধায়কেরা গতকালই ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় এবং বিকেলে বিধানসভা থেকে ওয়াক আউট করেন। সন্ধ্যায় বাম বিধায়কেরা রাজ্যপালের সঙ্গে দেখা করে নাম পরিবর্তনের ব্যাপারে আপত্তি জানায়।

এদিকে আজ বুধবার সকালে বিধানসভার অধিবেশন শুরু হলে বাম বিধায়কেরা ফের সরব হন। তাঁরা নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সারদা কাণ্ড সিবিআই দিয়ে তদন্তের দাবিতে  বিক্ষোভ দেখাতে থাকেন রাজ্য বিধানসভায়। পরে তাঁরা সারা দিনের জন্য বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করেন।