বিধানসভায় মোদির জনপ্রিয়তার পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিধানসভার ১৮টি আসনে গতকাল সোমবার মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম ও দিল্লি বিধানসভার নির্বাচন হবে।
বিধানসভার এই নির্বাচনকে আগামী বছর অনুষ্ঠেয় ভারতের পার্লামেন্ট নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ছত্তিশগড় বিধানসভার ৯০ আসনের মধ্যে ১৮ আসনে গতকাল নির্বাচন হয়। বিধানসভার বাকি আসনগুলোর নির্বাচন হবে ১৯ নভেম্বর। মাওবাদীদের নির্বাচন বর্জন ও হুমকির কারণে ভোটের দিন বড় ধরনের গোলযোগের আশঙ্কা করা হচ্ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল ভোট গ্রহণ করা হয়।
গতকাল যে ১৮ আসনে ভোট গ্রহণ করা হয়েছে, সেগুলো সব মাওবাদী-অধ্যুষিত এলাকা। গোলযোগপূর্ণ বাস্তার এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।
ভোটার বিকাশ বলেন, ‘এই অঞ্চলের শান্তির জন্য আমি ভোট দিতে এসেছি।’
তবে প্রত্যন্ত কয়েকটি এলাকায় মাওবাদীদের হুমকির কারণে নির্বাচন কর্মকর্তারা ভোটকেন্দ্রে পৌঁছাতে না পারায় ভোট গ্রহণ সম্ভব হয়নি বলে জানা গেছে।
ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী ৮ ডিসেম্বর। তার আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম ও দিল্লি বিধানসভার নির্বাচন হবে। এসব বিধানসভার ফলও একই দিন ঘোষণা করা হবে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ও কট্টর হিন্দুত্ববাদী নেতা মোদিকে ইতিমধ্যে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিজেপি। এই পাঁচটি বিধানসভার নির্বাচনের ফলাফলে মোদির প্রতি ভোটারদের মানসিকতার প্রকাশ ঘটবে বলে মনে করছেন অনেকে। বিশ্লেষকেরা একে মোদির জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা বলে মনে করছেন। বিবিসি।