বিধ্বস্ত ওশ শহর থেকে ধ্বংসস্তূপ সরাচ্ছে সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানে জাতিগত সহিংসতায় বিধ্বস্ত ওশ শহর ও এর আশপাশের এলাকা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ওই অঞ্চলে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার সহিংসতার ঘটনা তদন্তে বিশকেক সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেককে প্রতিশ্রুতি দিয়েছে। সামরিক বাহিনী বিভিন্ন স্থান থেকে বিধ্বস্ত গাড়ি, কংক্রিটের থাম, গাছের গুঁড়িসহ বিভিন্ন ধ্বংসস্তূপ সরিয়ে নিচ্ছে। অনেক এলাকায় স্থানীয় জনগণও সামরিক বাহিনীকে সহায়তা করছে। ধ্বংসস্তূপ সরাতে গেলে নতুন করে সহিংসতা সৃষ্টির আশঙ্কা করা হলেও এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওশ ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গত শনিবার জানানো হয়, জরুরি অবস্থার মেয়াদ ২৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১ জুন জারি করা ওই জরুরি অবস্থার মেয়াদ গতকাল রোববার শেষ হওয়ার কথা ছিল। ১০ জুন এই শহর থেকেই কিরগিজ ও উজবেকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে এই সহিংসতায় দুই হাজার মানুষ নিহত হয়। বাস্তুচ্যুত হয় অন্তত চার লাখ মানুষ। জাতিসংঘের হিসাবে সহিংসতার কারণে ৭৫ থেকে এক লাখ জাতিগত উজবেক পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তানে আশ্রয় নিয়েছে। ওশ শহরের শহিদ টেপা এলাকা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ দেখছিলেন স্থানীয় বাসিন্দা ৬৪ বছর বয়সী সালিজান নুমানজানভ। সহিংসতায় ভাইকে হারিয়েছেন তিনি। নুমানজানভ বলেন, ‘আমরা এখনো ভীত। আশা করি, আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’ ধ্বংসস্তূপ সরানোর কাজের তত্ত্বাবধায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনুস কালমাতভ জানান, কাজ ভালোভাবেই চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সহিংসতার ঘটনা তদন্তে প্রাদেশিক সরকার তাঁকে প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, ‘বিশ্ব-সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতার জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো সংস্থার মাধ্যমেই এ ঘটনার তদন্ত হওয়া উচিত।’ এএফপি।