বিধ্বস্ত বিমানের ফোনালাপ উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় মালয়েশিয়ার উড়োজাহাজটি এভাবেই বিধ্বস্ত হয়ে যায়। ধ্বংসস্তুপে জ্বলছে আগুন। ছবি: এএফপি
রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় মালয়েশিয়ার উড়োজাহাজটি এভাবেই বিধ্বস্ত হয়ে যায়। ধ্বংসস্তুপে জ্বলছে আগুন। ছবি: এএফপি

ক্ষেপণাস্ত্র হামলায় মালয়েশীয় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের টেলিফোন আলাপের পৃথক দুটি রেকর্ড উদ্ধার করার কথা দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। তারা দাবি করেছে, এই আলাপে ঘটনায় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
আজ শুক্রবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।
দাবি করা হয়, রেকর্ডের একটিতে যে কথোপকথন ছিল, এতে বিদ্রোহী নেতা ইগোর বেজলারের সঙ্গে রাশিয়ার একজন সেনা গোয়েন্দা কর্মকর্তার কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। বেজলার জানান, বৃহস্পতিবার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা গুলি করে একটি বিমান ভূপাতিত করেছে।
দ্বিতীয় রেকর্ডটিতে দুজন বিদ্রোহীর কথোপকথন রয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে একজন বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে বলেন, এখান (ঘটনাস্থল) থেকে ২৫ কিলোমিটার উত্তরে বিদ্রোহীদের একটি ইউনিট রকেট হামলা চালিয়েছে।
বিমানটি বিধ্বস্ত হয়ে যেখানে পড়েছে, সেখান থেকে আরেকজন বিদ্রোহী বিক্ষিপ্ত ধ্বংসাবশেষের বর্ণনা দেন। এরপর তিনি একজন যাত্রীর কিছু কাগজপত্র পেয়েছেন বলে জানান। সেখানে তিনি বলেন, ওই যাত্রী ইন্দোনেশিয়ার নাগরিক, যিনি থমসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

চার মাসের মধ্যে আবারও একটি ভয়াবহ বিপর্যয়ের শিকার হলো মালয়েশিয়া এয়ারলাইনস। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া সীমান্তবর্তী এলাকায় গতকাল বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে তাদের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। এতে আরোহী ছিলেন ২৯৮ জন। সবাই নিহত হয়েছেন।
উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।