আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানে ব্যবহূত হেলিপ্টারের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে রাজি হয়েছে পাকিস্তান। মার্কিন সিনেটর জন কেরি এ কথা জানান। অভিযানের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।কেরি উচ্চপর্যায়ের প্রথম মার্কিন প্রতিনিধি, যিনি বিন লাদেন হত্যার পর প্রথম পাকিস্তান সফরে গেলেন। ওয়াশিংটন পোস্ট জানায়, জন কেরি বলেছেন, হেলিকপ্টারের পেছনের অংশ যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে রাজি হয়েছে পাকিস্তান।পত্রিকাটির খবরে বলা হয়, কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকের ফল হিসেবে হেলিকপ্টারের পেছনের অংশ ফেরত দিতে রাজি হয়েছে পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনের অংশে স্পর্শকাতর সামরিক প্রযুক্তি থাকতে পারে, হেলিকপ্টারটি উদ্ধার না করলে এই প্রযুক্তি অন্য কোনো দেশের হাতে গিয়ে পড়তে পারে।ওসামাকে হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। জন কেরি ও পাকিস্তানের কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠকের পর সম্পর্কের উন্নতির ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে। ডেইলি মেইল।