বিন লাদেন অ্যাবোটাবাদের আগে হরিপুরে ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে যাওয়ার আগে পার্শ্ববর্তী হরিপুরের একটি বাড়িতে থাকতেন। লাদেনের ছোট স্ত্রী এ কথা জানিয়েছেন। অ্যাবোটাবাদের বাড়িতে মার্কিন বাহিনীর অভিযানে বিন লাদেন নিহত হন।লাদেনের স্ত্রী আমাল আহমেদ আবদেল-ফাতাহ আল-সাদা এখন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানে আত্মগোপনের সময় বিন লাদেন যে পাঁচটি বাড়িতে ছিলেন, তাঁর একটি আফগান সীমান্তবর্তী হরিপুর শহরে।আল-কায়েদার নেতা ওসামার খোঁজে আট বছর ধরে কাজ করেছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শওকত কাদির। তিনি একটি বার্তা সংস্থাকে বলেন, বিন লাদেনের স্ত্রী আমালের দেওয়া বর্ণনা থেকে গোয়েন্দারা হরিপুর শহরে লাদেনের আত্মগোপনের স্থলটি শনাক্ত করেন এবং গত বছরের নভেম্বরে তাঁকে (শওকত কাদির) ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল।গত বছরের মে মাসে মার্কিন কমান্ডোদের অভিযানে বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই পাকিস্তানের সামরিক গোয়োন্দা সংস্থা আইএসআই বিন লাদেন পাকিস্তানের কোথায় কোথায় কত দিন ছিলেন, তা জানার চেষ্টা করছে। লাদেন অ্যাবোটাবাদের ওই বাড়িতে ছিলেন ২০০৫ সাল থেকে।এসব তথ্য জানার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো সূত্র ওসামা বিন লাদেনের স্ত্রী আমাল। বিন লাদেন তাঁকে খুব পছন্দ করতেন। ২০০১ সালে আফগানিস্তানের তোরাবোরা পাহাড়ি এলাকা থেকে গা ঢাকা দেওয়ার পর থেকে তাঁর সঙ্গেই ছিলেন স্ত্রী আমাল।আমালের দেওয়া তথ্য এবং এর ভিত্তিতে খোঁজখবর নিয়ে গোয়েন্দা সদস্যরা জানতে পারেন, হরিপুরের ওই বাড়িটি পীর মোহাম্মদ নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ভাড়া নেন সেলিম খান ও জাভেদ খান নামের দুই পশতুন ভাই। চারটি শয়নকক্ষের ওই বাড়িটি মাসে ১৫০ মার্কিন ডলারে দুই ভাইকে ভাড়া দেন পীর মোহাম্মদ। তাঁরা সেখানে ১১ মাস ছিলেন। এর মধ্যে মাত্র তিনবার পীর মোহাম্মদ ওই দুই ভাইকে দেখেন।পীর মোহাম্মদ দাবি করেন, ভাড়ার নোটিশ টাঙানো দেখেই পশতুন ভাইয়েরা তাঁর কাছে এসেছিলেন। জি নিউজ।