আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন এক চোখে দেখতে পেতেন না। তরুণ বয়সে ওই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তিনি। আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি এ তথ্য প্রকাশ করেছেন।গত বুধবার জিহাদিদের একটি ওয়েবসাইটে সিরিজ ভিডিওচিত্রের তৃতীয় অংশ প্রকাশ করা হয়। ‘ডেইজ উইথ ইমাম’ নামের ওই ভিডিওচিত্রের এই অংশে বিন লাদেন সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশ করেন জাওয়াহিরি। তিনি বলেন, সৌদি বংশোদ্ভূত বিন লাদেন শুধু বাঁ চোখে দেখতে পেতেন। তরুণ বয়সে এক দুর্ঘটনায় ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। ওই চোখে আর আলো ফিরে পাননি তিনি।জাওয়াহিরি এ-ও বলেন, আল-কায়েদার সাবেক প্রধান একসময় মুসলিম ব্রাদারহুডের সৌদি শাখার সদস্য ছিলেন। এ ঘটনা ১৯৮০-র দশকে আফগানিস্তানে সাবেক সোভিয়েত নিউনিয়নবিরোধী জিহাদে অংশ নেওয়ার আগের।জাওয়াহিরি বলেন, পেশোয়ারে জিহাদিদের অর্থ প্রদানের উদ্দেশ্যে একসময় পাকিস্তান সফর করেছিলেন বিন লাদেন। ওই সময় তিনি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন এবং সশস্ত্র জিহাদে যোগ দেন। টেলিগ্রাফ অনলাইন।