বিন লাদেন সন্তানদের পশ্চিমা দেশে থাকতে বলেছিলেন!
আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন তাঁর ছোট সন্তানদের পশ্চিমা দেশে শান্তিতে বসবাস করতে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে বলেছিলেন। লাদেনের এক শ্যালক যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন। গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।লাদেনের ইয়েমেনি বংশোদ্ভূত পঞ্চম স্ত্রী আমালের ভাই জাকারিয়া আল-সাদাহ সানডে টাইমসকে বলেন, লাদেন বিশ্বাস করতেন তাঁর সন্তানদের জিহাদের পথ অনুসরণ করা উচিত নয়। তিনি বলেন, ‘লাদেন নিহত হওয়ার আগে তাঁর সন্তান ও নাতি-নাতনিদের বলেন, “তোমরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গিয়ে ভালো শিক্ষা গ্রহণ করো”।’আল-সাদাহ আরও বলেন, ‘লাদেন তাঁদের বলেন, “তোমাদের পড়তে হবে, শান্তিতে থাকতে হবে এবং আমি যা করছি ও অতীতে যা করেছি, তা তোমরা কোরো না”।’গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের কাছে একটি বাড়িতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেন নিহত হন। ওই অভিযানের সময় আমাল পায়ে গুলিবিদ্ধ হন। এএফপি।