আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তবে তিনি তাঁর দেশের ভেতর মার্কিন সামরিক বাহিনীর এই অভিযানের কড়া সমালোচনা করেছেন।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোশাররফ বলেন, ইসলামাবাদের কাছেই লাদেন আত্মগোপন করে ছিলেন। এটা পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের জানা উচিত ছিল। একই সঙ্গে এ ঘটনায় আল-কায়েদার সমর্থকেরা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে বলে তিনি সতর্ক করে দেন। পাকিস্তানি জনগণের জন্য এ হত্যাকাণ্ডের ঘটনাকে ‘বিজয়’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়েএটা খুবই ইতিবাচক পদক্ষেপ। ইসলামাবাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরে অ্যাবোটাবাদ শহরে গত রোববার দিবাগত রাতে মার্কিন সামরিক বাহিনীর অভিযানে মারা যান বিন লাদেন। মোশাররফ বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অভিযান তাঁর দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। তিনি বলেন, এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানের সীমান্ত আইন লঙ্ঘন করা হয়েছে। লাদেনকে খুঁজে না পাওয়ার ব্যর্থতার জন্য নিজ দেশের গোয়েন্দা কর্মকর্তাদের সমালোচনা করেছেন তিনি। সাবেক এই একনায়ক বলেন, এটা গোয়েন্দা কর্মকর্তাদের ব্যর্থতা। তাঁদের এটা জানা উচিত ছিল।লাদেনকে হত্যার অভিযানের ব্যাপারে পাকিস্তান সরকারের জানা ছিল না। চূড়ান্ত অভিযান শেষেই এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয় পাকিস্তান কর্তৃপক্ষকে। এ ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক আস্থার অভাবের বিষয়টি প্রতিফলিত হয়েছে বলে অনেকে মনে করছেন।কোনো দুর্গম এলাকায় আত্মগোপন না করে রাজধানীর কাছে লাদেনের আস্তানা গেড়ে অবস্থানের বিষয়ে মোশাররফ বলেছেন, এটা ছিল একটা বুদ্ধিমানের কাজ। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, পাকিস্তানে আল-কায়েদার পরিবর্তে তালেবানের প্রভাব বেড়ে যাওয়ার মুহূর্তেই বিন লাদেনকে হত্যা করা হলো। রয়টার্স।