বিন লাদেনের বাড়ি চিনিয়ে দেওয়া পাকিস্তানের চিকিৎসক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের আশ্রয়স্থল চিনিয়ে দেওয়া পাকিস্তানের একজন শল্যচিকিৎসককে গতকাল বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। ওসামার বাড়ি চেনাতে সহায়তার জন্য শাকিল আফ্রিদি নামের ওই চিকিৎসকে নিয়োগ করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দায়িত্ব পালন করছিলেন শাকিল আফ্রিদি। প্রদেশের স্বাস্থ্যসচিব বলেন, ‘খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার শাকিল আফ্রিদিকে বরখাস্ত করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।’ তিনি বলেন, ওসামা ওই শহরে বাস করছেন কি না, তা নিশ্চিত করতে সিআইএকে সহযোগিতা করা আরও ১৭ জন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। তাঁরা সিআইএর পরিকল্পনা অনুযায়ী একটি ভুয়া টীকাদান কর্মসূচিতে কাজ করছিলেন।একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত আগস্টে ১৫ জন নারী স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়। ১৭ মার্চ একজন নারী চিকিৎসক ও সহকারী সমন্বয়ককেও বরখাস্ত করা হয়। ওই প্রদেশেরই অ্যাবোটাবাদে গত বছর মে মাসে মার্কিন বিশেষ বাহিনীর গোপন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। এ ঘটনায় বিশ্বজুড়ে পাকিস্তানের সুনামহানি হয়। উপজাতীয় অধ্যুষিত খাইবার পাখতুনখাওয়া গোলযোগপূর্ণ প্রদেশ বলে পরিচিত। আফ্রিদি সেখানে কয়েক বছর ধরে কাজ করছিলেন। বর্তমানে তিনি আটক রয়েছেন। ওসামা বিন লাদেনের বাড়িতে অভিযান চালানোর ঘটনা তদন্তে নিয়োজিত কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সুপারিশ করেছেন। এএফপি।