বিনায়ক সেনের জামিন আবেদন খারিজ
ভারতের মানবাধিকার কর্মী ও চিকিৎসক বিনায়ক সেনের (৬১) জামিনের আবেদন গতকাল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন সে দেশের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরের একটি আদালত। বিনায়কের আইনজীবী মহেন্দ্র দুবে বলেছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে আবেদন করবেন।সরকারের বিরুদ্ধে মাওবাদীদের সংঘবদ্ধ করতে ছত্তিশগড় রাজ্যে শহরকেন্দ্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করার অভিযোগে বিনায়ককে ২০০৭ সালে গ্রেপ্তার করা হয়। এ অপরাধে বিনায়কসহ তিনজনকে গত ডিসেম্বরে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।এ আদেশের পর থেকে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ সারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কর্মীরা সোচ্চার হন। তাঁদের ভাষায়, বিনায়ককে অন্যায়ভাবে দেওয়া এ দণ্ডাদেশ প্রত্যাহার করে তাঁকে মুক্তি দিতে হবে।১২টি দেশের ৪০ জন নোবেল পুরস্কারজয়ী গত বুধবার বিনায়কের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘বিনায়ক সেন একজন নিঃস্বার্থ ও সাহসী মানুষ। তিনি ছত্তিশগড়ের হতদরিদ্র ও অসহায় আদিবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি নিঃস্বার্থভাবে তাঁদের দীর্ঘদিন চিকিৎসাসেবা দিয়েছেন। বিনায়ককে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়ার ঘটনায় আমরা বিস্মিত ও হতাশ। তাঁকে শিগগির মুক্তি দিতে হবে।’ এএফপি।