বিনায়ক সেনের মুক্তির দাবিতে মিছিল
ভারতের মানবাধিকার সংস্থা পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসের সহসভাপতি বিনায়ক সেনের মুক্তি দাবি করেছেন শিক্ষাবিদ, মানবাধিকারসেবী ও সংস্কৃতিকর্মীরা। মার্কিন শিক্ষাবিদ অধ্যাপক নোয়াম চমস্কিসহ ভারতের বিশিষ্টজনেরা তাঁর মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন। কলকাতায় মিছিল করেছেন সংস্কৃতিকর্মীরা।মাওবাদী বিদ্রোহীদের সহযোগিতা করার দায়ে বিনায়ক সেনকে গত শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ভারতের একটি আদালত। বিনায়ক সেন সরকারের বিরুদ্ধে মাওবাদীদের সংঘবদ্ধ করতে ছত্তিশগড় রাজ্যে শহরকেন্দ্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করছেন—এই অভিযোগে তিন বছর আগে তাঁকে গ্রেপ্তার করা হয়।নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন গতকাল মঙ্গলবার কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকায় এক নিবন্ধে বলেন, ‘শাস্তি নয়, বিনায়কের মহৎ কাজ স্বীকৃতি পাওয়ার যোগ্য। তিনি সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। বিনায়ক কখনো দেশবিরোধী কাজ করেননি, বরং হিংসা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কলম ধরেছেন।’ অমর্ত্য সেন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিনায়ক সেন উচ্চ আদালতে নিশ্চয়ই ন্যায়বিচার পাবেন।’