মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে গতকাল সোমবার মহাকরণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে তিস্তার পানি বণ্টন, এফডিআই বা ভারতের খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি। বেলা ১১টার দিকে হিলারি পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে আসেন। সেখানে মমতা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর দুই নেতার মধ্যে ২৫ মিনিট স্থায়ী একান্ত বৈঠক হয়। পরে হিলারির সঙ্গে আসা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে হিলারি-মমতার আরেকটি বৈঠক হয়। বৈঠকের পর হিলারি মহাকরণ ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হন। তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। বেলা একটার দিকে মমতা সংবাদ সম্মেলন করে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়গুলো তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা জানান, তাঁদের বৈঠকে তিস্তার পানি বণ্টন বা সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে কোনো আলোচনা হয়নি। পশ্চিমবঙ্গে পরিবর্তিত রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্র এই রাজ্যে বিভিন্ন শিল্পে বিনিযোগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘আমরাও এই রাজ্যে মার্কিন বিনিয়োগ চাই। তবে টাটা নিয়ে কোনো কথা হয়নি।’ জাওয়াহিরি পাকিস্তানে: সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নতুন প্রধান আয়মান আল-জাওয়াহিরি পাকিস্তানে রয়েছেন বলে দাবি করেন হিলারি। গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে হিলারি ওই দাবি করেন।মুম্বাই হামলা প্রসঙ্গে হিলারি বলেন, ‘আমরা ভালোভাবেই জানি, হামলার মূল অভিযুক্ত হাফিজ সাঈদকে ধরতে পাকিস্তান এখনো যথেষ্ট পদক্ষেপ নেয়নি। অথচ এ বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র উভয়েই বারবার অনুরোধ জানাচ্ছে।’