বিপজ্জনক সীমারেখায় পিয়ংইয়ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, ‘উত্তর কোরিয়া বিপজ্জনক সীমারেখার খুব কাছে স্ক্যাটিং করছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আশা করে, উত্তপ্ত হুংকার দেওয়া কমিয়ে উদ্ভূত পরিস্থিতি শীতল করবে পিয়ংইয়ং।’গত বুধবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে হেগেল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘পিয়ংইয়ংয়ের সম্ভাব্য যেকোনো হামলা মোকাবিলায় ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত।’একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক প্রধান জেনারেল মার্টিন ডেম্পসি বলেন, ‘উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক অস্ত্র যুক্ত করছে কি না, এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য আমি জনসমক্ষে প্রকাশ করতে পারছি না।’ তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার যেকোনো ধরনের হামলা মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত।উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা যেকোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মার্কিন বাহিনী নিরাপদ দূরত্বে জাহাজ মোতায়েন করেছে। হেগেল বলেন, ওয়াশিটংন ও তার মিত্ররা আশা করে, হামলা চালানোর উসকানিমূলক হুংকার বন্ধ করবে পিয়ংইয়ং। এর মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হবে।এদিকে দুই কোরিয়ার যৌথভাবে গড়ে ওঠা কায়েসং শিল্পাঞ্চল স্থায়ীভাবে বন্ধ করে দিতে গতকাল আবারও হুমকি দিয়েছে পিয়ংইয়ং। তারা এ জন্য দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের ‘সংঘাতপূর্ণ’ নীতিকে দায়ী করছে। কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ সপ্তাহের গোড়ার দিকে পিয়ংইয়ং কায়েসং শিল্পাঞ্চল থেকে তাদের ৫৩ হাজার কর্মী প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়।হুমকির পরিপ্রেক্ষিতে সিউল বলেছে, কায়েসং শিল্পাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে পিয়ংইয়ংয়ের আলোচনায় বসা উচিত। তা না হলে ভবিষ্যতে বিনিয়োগকারীদের আস্থার ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। উত্তর কোরিয়ার বিশেষ অঞ্চলের উন্নয়নবিষয়ক ব্যুরো জানায়, দক্ষিণ কোরিয়ার সরকার সংঘাতপূর্ণ নীতি অব্যাহত রাখলে কায়েসং শিল্পাঞ্চলের অস্তিত্ব থাকবে না। ব্যুরোর একজন মুখপাত্র বলেন, দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকার কায়েসং বন্ধ হয়ে যাওয়ার দায়িত্ব কখনো এড়াতে পারে না। সম্প্রতি কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা দেখা দেওয়ায় এ দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটেছে।ক্ষেপণাস্ত্র শনাক্তে প্রস্তুত রাডার: যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সমুদ্রভিত্তিক একটি শক্তিশালী রাডার প্রস্তুত রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বুধবার রাতে এএফপিকে এ তথ্য জানান। তিনি নিশ্চিত করেন, ভাসমান ওই রাডার দেখতে বিশাল গলফ বলের মতো। রাডারটি সমুদ্রে এমন এক অবস্থানে পাঠানো হয়েছে, যেখান থেকে পিয়ংইয়ং কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তা শনাক্ত করতে পারবে।আশঙ্কা করা হচ্ছে, ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইল সুংয়ের জন্মদিন উদ্যাপনের আগেই এক বা একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে পিয়ংইয়ং।এই আশঙ্কায় মার্কিন ও দক্ষিণ কোরীয় বাহিনীকে খুবই সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এএফপি ও বিবিসি।