বিপণিবিতানে গুলির পর মার্কিন তরুণের আত্মহত্যা
এক তরুণ গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি বিপণিবিতানে গুলি ছুড়ে ব্যাপক আতঙ্ক ছড়ান। পরে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই তরুণ আত্মহত্যা করেছেন।
নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পারামাস এলাকার গার্ডেন স্টেট প্লাজা বিপণিবিতানে এ ঘটনা ঘটে। তবে এতে অন্য কেউ হতাহত হয়নি। পরে ওই বন্দুকধারীর মৃতদেহ শপিং মলের একটি নির্মাণাধীন অংশ থেকে উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কাউন্টির একজন আইনি কর্মকর্তা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানান।
সন্দেহভাজন বন্দুকধারী তরুণের নাম রিচার্ড শুপ (২০)। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লেখা একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, সোমবার রাতে মল বন্ধ হওয়ার কাছাকাছি সময়ে রিচার্ড অন্তত ছয়টি গুলি ছোড়েন। তবে কোনো মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়েননি তিনি। এ ঘটনায় কর্মী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শপিং মল ও আশপাশের এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ এ ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এএফপি।