বিপদগ্রস্তকে রক্ষায় ভারতে মুঠোফোনে নির্ভয়া
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ভারতের রাজধানী দিল্লিতে গণধর্ষণের শিকার হয়েছিলেন ২৩ বছর বয়সী প্যারা মেডিকেলের ছাত্রী নির্ভয়া৷ ১৩ দিন পর সিঙ্গাপুরে মৃত্যু হয় তাঁর। নির্ভয়ার স্মৃতিকে স্মরণে রাখতে এ বছরের ২৫ মার্চ ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টির নারীদের আত্মরক্ষার জন্য বাজারে ছেড়েছিল নির্ভীক রিভলবার৷
এবার মানুষের বিপদের বার্তা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে বের হয়েছে নির্ভয়া নামের মুঠোফোননির্ভর ছোট্ট একটি যন্ত্র৷ এতে চাপ দিলেই বিপদ বার্তা নির্দিষ্ট পাঁচটি মুঠোফোনে পৌঁছে যাবে৷ দেশলাইয়ের বক্সের মতো যন্ত্রটি। দিল্লিতে গণধর্ষণের শিকার নির্ভয়ার নামে যন্ত্রটির নামকরণ করা হয়েছে। এই যন্ত্রের সঙ্গে যুক্ত মুঠোফোনে যাবে বিপদবার্তা।
টেলি অ্যালার্ম ডিভাইস নামের এই যন্ত্রটি তৈরি করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইলেকট্রনিকস করপোরেশন অব ইন্ডিয়া (ইসিএল)৷
গত বুধবার কলকাতার বাজারে এই যন্ত্রটি আনুষ্ঠানিক ছাড়া হয়েছে। কলকাতা শহরের ইসিএল দপ্তরে মিলবে এই যন্ত্রটি। দাম পড়বে প্রায় তিন হাজার রুপি।
এই যন্ত্রটি নারী-পুরুষ সবাই ব্যবহার করতে পারবে। যন্ত্রটির সঙ্গে দেওয়া একটি সিডি থেকে প্রথমে অ্যাপ্লিকেশনটি কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিতে ডাউনলোড করে নিজের তথ্য যেমন নাম ঠিকানা, বয়স, লিঙ্গ এবং রক্তের গ্রুপ ইত্যাদি দিয়ে সঙ্গে পাঁচটি মুঠোফোন নম্বর ভরে দিতে হবে৷ এরপর সেই তথ্য-সংবলিত অ্যাপস নিয়ে আসতে হবে নিজের মুঠোফোনে। এরপর মুঠোফোনের ব্লু-টুথ চালু রেখে যন্ত্রটিকে সংযুক্ত করলেই চালু হবে বিপদের এই বন্ধু৷