বিপর্যয় সামলে উঠেছে মঙ্গলযান কিউরিওসিটি
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গল অভিযানে নিয়োজিত রোবটযান কিউরিওসিটি কম্পিউটার বিপর্যয় সামলে ‘নিরাপদ অবস্থায়’ রয়েছে। রোবটযানটির একটি কম্পিউটারের কিছু ফাইল নষ্ট হয়ে যাওয়ায় ওই বিপর্যয় দেখা দেয়। বিক্ষিপ্ত মহাজাগতিক রশ্মির আঘাতে ফাইলগুলো নষ্ট হয়ে থাকতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। নাসার বিজ্ঞানীরা জানান, রক্তিম গ্রহ মঙ্গলের পাথুরে ভূমি পরীক্ষা-নিরীক্ষায় নিয়োজিত ওই যান বিকল্প কম্পিউটারের সাহায্যে বর্তমানে চালু রয়েছে। রোবটযানটির কম্পিউটারের তথ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ অনুসন্ধান শুরু হয়েছে।বিপর্যয় সৃষ্টির পর বিকল্প কম্পিউটারকে সক্রিয় করে কিউরিওসিটির পুরো নিয়ন্ত্রণ গ্রহণের আগ পর্যন্ত এই যানের তৎপরতা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়। গত বৃহস্পতিবার থেকে এই যান বিকল্প কম্পিউটারের সহায়তায় কাজ করছে। কিউরিওসিটির মঙ্গল অভিযানের প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড কুক স্পেস ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা কিউরিওসিটিকে সক্রিয় করার প্রক্রিয়ার এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছি। এই কাজে আমাদের কয়েক দিন লাগতে পারে। যানের সবকিছু আগের অবস্থায় ফেরাতে ও তাকে নতুন করে সাজাতে এক সপ্তাহ কাজ করা লাগতে পারে।’ বিবিসি।