বিপির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় ওই তেলক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মঙ্গলবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ওবামা এ অঙ্গীকার ব্যক্ত করেন।ভাষণে ওবামা বলেন, তিনি বিপির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাঁদের বলেছেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য অবশ্যই একটি তহবিল গঠন করতে হবে। তেলক্ষেত্র দুর্ঘটনায় সৃষ্ট বিপর্যয়কে উপকূলীয় এলাকা ও সেখানকার মার্কিন জনগণের ওপর হামলা হিসেবে অভিহিত করে তিনি বলেন, এ হামলা মোকাবিলায় মানব সৃষ্ট সর্বোৎকৃষ্ট প্রযুক্তি পরীক্ষার মুখে পড়েছে।সাধারণত অতি গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় দুর্যোগ ও দুর্ঘটনার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টরা ওভাল অফিস ব্যবহার করেন। সাম্প্রতিক জনমত জারিপগুলোর ফল বলছে, বেশির ভাগ মার্কিনি এ বিপর্যয় মোকাবিলায় প্রেসিডেন্টের পদক্ষেপের ব্যাপারে অনাস্থা জানিয়েছেন। মেক্সিকো উপসাগরের এই তেলক্ষেত্রে বিস্ফোরণের পর তা থেকে তেল সাগরে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা।ওবামা বলেন, ‘বিপির কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোম্পানিটিকে বাধ্য করব আমরা। এই বিপর্যয় কাটিয়ে উঠতে আমাদের কয়েক মাস, এমনকি বছর লাগতে পারে।’ জীবাশ্ম জ্বালানি উৎসের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প জ্বালানির উৎস সন্ধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। দ্রুত স্বচ্ছ, বিকল্প জ্বালানিনীতি প্রণয়নের জন্য মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ওবামা। সাগরে এই তেল ছড়িয়ে পড়ার ঘটনার তদন্তের জন্য মিসিসিপি অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রে মাবুসের নেতৃত্বে একটি জাতীয় কমিশন গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।প্রেসিডেন্ট ওবামার ভাষণের পরপরই এর সমালোচনা করেছে বিরোধী রিপাবলিকান দলের নেতারা। দলের সভাপতি মাইকেল স্টিলি অভিযোগ করেছেন, এ সংকটকে ব্যবহার করে প্রেসিডেন্ট ওবামা তাঁর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন। রিপাবলিকান দলীয় সিনেটর মিচ ম্যাককনেল বলেন, বিকল্প জ্বালানিনীতি প্রণয়নের নামে প্রেসিডেন্ট ওবামার কর্মসূচি বাস্তবায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়বে এবং এতে নতুন করে লোকজন কর্মহীন হবে।গত এপ্রিল মাসে লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে সমুদ্র উপকূলে তেলক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে অবিরাম তেল নির্গমন শুরু হয়। ব্রিটিশ তেল কোম্পানি বিপি বারবার চেষ্টা করেও ফাটল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। অবিরাম তেল ছড়িয়ে পড়ায় লুইজিয়ানা অঙ্গরাজ্যে পর্যটনশিল্প ও মৎস্য খাতে ইতিমধ্যে বিপর্যয় দেখা দিয়েছে। নির্গত তেল ছড়িয়ে পড়ায় উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।এদিকে ওবামার ভাষণের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বিপির কর্মকর্তারা বলেছেন, ‘তেলক্ষেত্রটি যত দ্রুত সম্ভব বন্ধ করে দিয়ে প্রেসিডেন্টের লক্ষ্যপূরণে আমরা সহায়তা করব।