বিপির প্রধান নির্বাহী ইয়ট প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্র বিপর্যয় মোকাবিলা কাজ তত্ত্বাবধানের দায়িত্ব পাওয়া কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) প্রধান নির্বাহী টনি হেওয়ার্ড গত শনিবার ব্রিটেনে একটি ইয়ট (প্রমোদতরী) প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আর এ ঘটনায় যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। হোয়াইট হাউজ ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এই পদক্ষেপকে হেওয়ার্ডের জনসংযোগের ক্ষেত্রে আরেকটি বড় ভুল হিসেবে অভিহিত করেছে। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে মেক্সিকো উপসাগরে ওই তেলক্ষেত্রে বিস্ফোরণ হয়। এরপর থেকে তেলক্ষেত্রের ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে অনবরত তেল বেরিয়ে সাগরের পানিতে মিশছে। তেল বেরিয়ে আসা বন্ধে বিপির ক্রমাগত ব্যর্থতায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেওয়ার্ড। গত শুক্রবার তাঁকে তেল বেরিয়ে আসা নিয়ন্ত্রণ কর্মসূচির নেতৃত্ব থেকে সরিয়ে নেয় বিপি। হেওয়ার্ডের সাম্প্রতিক এই পদক্ষেপ তেল বেরিয়ে আসা নিয়ন্ত্রণে বিপির সীমিত সাফল্যকে আড়াল করে ফেলেছে।হোয়াইট হাউজের মুখ্য সচিব র‌্যাম ইমানুয়েল বলেন, ‘টনি হেওয়ার্ডের ভাষায় বলতে গেলে, তিনি জীবন ফিরে পেয়েছেন। আমি মনে করি, জনসংযোগের ক্ষেত্রে তিনি দ্বিতীয় কোনো সুযোগ সম্ভবত আর পাবেন না। জনসংযোগের ক্ষেত্রে ক্ষোভ ও ভুলের তালিকার একটি অংশ এটি।’ব্রিটেনের পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের কর্মী চার্লি ক্রনিক বলেন, তাঁর এই কর্মকাণ্ড কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো। এ ছাড়া হেওয়ার্ডের এই পদক্ষেপ নিয়ে ক্ষোভ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দারা। লুইজিয়ানার লারোসে শহরে একটি উল্কি করার দোকান চালান ববি পিত্রে। তিনি বলেন, ‘আমরা কেউ মাছ ধরতে যেতে পারছি না। অথচ তিনি (টনি হেওয়ার্ড) ইয়ট রেসে (প্রতিযোগিতা) অংশ নিচ্ছেন।’এ ব্যাপারে বিপির মুখপাত্র রবার্ট ওয়েইন বলেন, গত এপ্রিলে তেলক্ষেত্রে দুর্ঘটনার পর এই প্রথম ছুটি পেলেন হেওয়ার্ড। গত কয়েক সপ্তাহে তিনি পরিবার ও সন্তানদের সঙ্গে তেমন সময় কাটানোর সুযোগ পাননি। আশা করি বিষয়টি সবাই বুঝবেন। তবে এই যুক্তি মানতে নারাজ মার্কিন চিত্রশিল্পী রেমন্ড ক্যানেভারি। তিনি বলেন, ‘আমিও মানি, ছুটির সময় প্রত্যেকেরই নিজের চাহিদা অনুযায়ী সময় কাটানোর অধিকার রয়েছে। কিন্তু এ মুহূর্তে টনির ছুটি পাওয়ার কোনো অধিকার নেই। অন্তত সংকট কেটে না যাওয়া পর্যন্ত।’এদিকে ১০ ঘণ্টা স্থগিত রাখার পর শনিবার আবার মেক্সিকো উপসাগর থেকে তেল সংগ্রহ কর্মসূচি চালু করেছে বিপি। কোম্পানির মুখপাত্র রবার্ট ওয়েইন বলেন, তেল সংগ্রহ প্রক্রিয়ার একটি অংশে কিছু ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ রাখা হয়েছিল। ত্রুটি সারানোর পর তা আবার চালু করা হয়েছে। ওয়েইন জানান, সাগরের তেল সংগ্রহের দুটি ব্যবস্থা কাজ করছে। এর মধ্যে একটি বন্ধ রাখা হয়েছিল। অন্যটি চালু ছিল। দুটি ব্যবস্থার মাধ্যমে দৈনিক সাড়ে ২৪ হাজার ব্যারেল তেল সংগ্রহ করছে বিপি। বিপি এই ক্ষমতা ৫৩ হাজার ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা জানিয়েছে, তেলক্ষেত্রটি থেকে দিনে ৩৫ থেকে ৬০ হাজার ব্যারেল তেল বেরিয়ে আসছে। জুলাইয়ের মাঝামাঝি নাগাদ তেল সংগ্রহের ক্ষমতা ৮০ হাজার ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বিপির। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা এটি। এএফপি, টাইমস অনলাইন।