মেক্সিকো উপসাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলক্ষেত্র থেকে তেল বেরিয়ে আসা নিয়ন্ত্রণে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) ‘টপ কিল’ পদ্ধতি ব্যর্থ হয়েছে। কোম্পানিটি তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। গত শনিবার বিপির প্রধান পরিচালন কর্মকর্তা ডগ সাটেলস এ কথা জানান।গত ২৬ মে বিপি এই টপ কিল প্রক্রিয়া বাস্তবায়ন শুরু করে। এর মাধ্যমে তেলক্ষেত্রের ক্ষতিগ্রস্ত পাইপের ছিদ্র কাদা ও সিমেন্ট দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। এখন বিপির নতুন পরিকল্পনা অনুযায়ী সাগরতলে ক্ষতিগ্রস্ত পাইপের একটি ছিদ্রে নতুন ক্যাপ পরিয়ে বেরিয়ে আসা তেল সমুদ্রপৃষ্ঠের ওপরে আনার চেষ্টা করা হবে। এর নাম দেওয়া হয়েছে লোয়ার মেরিন রাইজার প্যাকেজ ক্যাপ (এলএমআরপি ক্যাপ)। আগামী সপ্তাহে নতুন এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার কথা জানান বিপির কর্মকর্তারা।গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে অবস্থিত ওই তেলক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। এতে বিপুল পরিমাণ তেল বেরিয়ে এসে সাগরের পানিতে মিশছে এবং লুইজিয়ানার সৈকত ও উপকূলীয় জলাভূমির পরিবেশ তেলের কারণে দূষিত হচ্ছে।বিপির কর্মকর্তারা জানান, একটি ক্যাপ স্থাপন করা খুবই জটিল প্রক্রিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে দূরনিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে এই কাজ করা হবে। রোবট প্রথমে ছিদ্রটিতে ক্যাপ স্থাপন করবে। এরপর ওই ক্যাপের সঙ্গে তেল বেরিয়ে আসার জন্য আরেকটি পাইপের সংযোগ দেওয়া হবে, যেটি তেল সমুদ্রপৃষ্ঠে তুলে আনবে।বিপি কর্মকর্তা সাটেলস বলেন, ‘সাগরের তলদেশে তেল বেরিয়ে আসা নিয়ন্ত্রণ করতে পারলে এবং সমুদ্রপৃষ্ঠে ঠিকভাবে কাজ করতে পারলে আমরা উপকূলীয় এলাকায় তেল ছড়িয়ে পড়া কমিয়ে আনতে পারব। আমার ধারণা, এ ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।’ তিনি বলেন, ‘এই পদ্ধতি কাজ করবে বলে আমাদের আত্মবিশ্বাস রয়েছে, কিন্তু এ মুহূর্তে এর সাফল্য সম্পর্কে কিছু বলা সম্ভব না।’ এএফপি।