বিপুল বিজয়ের দ্বারপ্রান্তে বিজেপি

ভারতের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন বিজেপির জোট। ৫৪৩টি আসনের মধ্যে তারা ৩৩৭টি আসনে এগিয়ে। বেলা একটার দিকে বার্তা সংস্থা এনডিটিভি অনলাইনের খবরে এই ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে জানা গেছে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট ৬০টি আসনে এগিয়ে। নির্বাচনে অংশগ্রহণকারী বাকি দলগুলো এগিয়ে আছে ১৪৬টি আসনে। এর মধ্যে আম আদমি পার্টি এগিয়ে আছে চারটি আসনে।
এ পর্যন্ত ভোট গণনায় এটা স্পষ্ট যে বিজেপি জোটই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়ের পথে রয়েছে। সে অনুযায়ী নরেন্দ্র মোদিই হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।
ছয় সপ্তাহ ধরে চলা ভারতের লোকসভা নির্বাচনে এবার ভোট পড়েছে ৬৬ দশমিক ৪ শতাংশ। এটি এযাবত্কালের রেকর্ড পরিমাণ ভোট।
গতকাল রাতে বারানসি নরেন্দ্র মোদির পোস্টারে ভরে যায়। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী। তিনি গুজরাটের গান্ধীনগরে আজ সারা দিন নিজ বাড়িতেই কাটাবেন। নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি বাড়ি থেকে বের হবেন না। তিনি বরোদা আসন থেকেও নির্বাচনে লড়ছেন।
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী আজ নিজ নির্বাচনী এলাকা আমেথিতে যাবেন। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জয় অবশ্যম্ভাবী ধরে নিয়ে গতকাল থেকে বিজেপির আনন্দ উত্সব করার প্রস্তুতি শুরু হয়েছে। নয়াদিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দলের নেতা-কর্মীরা একে অন্যকে মিষ্টিমুখ করান। বিজেপির কর্মীরা জানান, তাঁরা দুটি গাড়িভর্তি আতশবাজি রেখেছেন। দিল্লির চাঁদনিচক থেকে ২০ জন বাবুর্চি আনা হয়েছে। তাঁরা এক লাখ লাড্ডু তৈরি করে রেখেছেন।