বিপুলসংখ্যক পারমাণবিক বোমা তৈরির নির্দেশ দেন কিম জং-ইল
কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইল তাঁর জীবদ্দশায় ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম—উভয় জ্বালানি ব্যবহার করে বিপুলসংখ্যক পারমাণবিক বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন। পিয়ংইয়ং থেকে পাওয়া এক গোপন নথির বরাত দিয়ে গতকাল সোমবার গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।ওই গোপন নথির উল্লেখ করে জাপানের প্রভাবশালী দুটি পত্রিকা মেইনিকি শিমবুন ও টোকিও শিমবুন বলেছে, তাদের ধারণা, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই নথি সংকলন করা হয়।২০১০ সালের নভেম্বরে মার্কিন বিশেষজ্ঞদের উত্তর কোরিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়টিও উল্লেখ রয়েছে এ নথিতে। পিয়ংইয়ং ২০০৬ ও ২০০৯ সালে দুই দফা পারমাণবিক বোমার পরীক্ষা চালায়।মেইনিকি তার প্রতিবেদনে কিম জং-ইলের বক্তব্য তুলে ধরে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও অপর কয়েকটি বৈরী শক্তি অভিযোগ করছে, আমরা পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম উৎপাদনের চেষ্টা করছি। সত্যি কথা বলতে কি, বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক শিল্পায়নকাজে ব্যবহারের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির উন্নয়ন ঘটানোর অপেক্ষা আমরা করছি না।’ জিনিউজ।