বিবর্তনের ইতিহাসে নতুন আলোকপাত
আপনার বংশপরিচয়ের নতুন কোনো শাখা হয়তো বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় কর্মরত গবেষকেরা এমন কিছুর সন্ধান পেয়েছেন যার মাধ্যমে আধুনিক মানুষের পূর্বপরিচয়ের অনেক কিছুই জানা যেতে পারে বলে তাঁরা আশা করছেন। সম্প্রতি তাঁরা দুটি কঙ্কালের আংশিক উদ্ধার করতে পেরেছেন। এর একটি একজন বয়স্ক নারীর এবং অন্যটি একটি কিশোরের। তাঁরা ছিল সম্ভবত মা ও ছেলে। মানুষসদৃশ এই প্রাণী দুটি প্রায় ২০ লাখ বছর আগে পৃথিবীতে ছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১৯৭৪ সালে ইথিওপিয়ায় একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। ‘লাকি’ নামের ওই কঙ্কালের বয়স প্রায় ৩০ লাখ বছর বলে মনে করা হয়। তবে নতুন উদ্ধার হওয়া কঙ্কাল দুটি আগেরটির চেয়েও বেশ লম্বা ও শক্তিশালী ছিল বলে মনে হচ্ছে। নতুন কঙ্কাল দুটির নামকরণ করা হয়েছে ‘অস্ট্রোলোপিথিকাস সেডিবা’। ‘অস্ট্রোলোপিথিকাস’ শব্দের অর্থ ‘দক্ষিণাঞ্চলীয় বানর’। আর দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক ‘সোথো’ ভাষায় ‘সেডিবা’ শব্দের অর্থ ‘ঝরনা’।নতুন এই আবিষ্কার মানুষের পূর্ব ইতিহাস জানার ক্ষেত্রে নতুন তথ্য জোগাবে বলে জানিয়েছেন জোহানেসবার্গের উইটটারসর্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি বারগার। জোহানেসবার্গের অদূরে মালাপা নামক স্থানে একটি ভগ্ন গুহার মধ্যে পাওয়া গেছে ওই কঙ্কাল দুটি। বারগার এবং তাঁর সঙ্গের গবেষক অস্ট্রেলিয়ার জেম কুক বিশ্ববিদ্যালয়ের পল ড্রিকস জানিয়েছেন, উদ্ধার করা কঙ্কালের প্রাণী দুটি সম্ভবত পানির খোঁজে এসে গুহার মধ্যে পড়ে গিয়েছিল। এরপর মৃতদেহ দুটি পানিতে ভেসে আরও নিচে এসে একটি গর্তের মধ্যে পড়ে এবং সেখানেই পাথরচাপা পড়ে। মারা যাওয়ার সময় কিশোরটির বয়স ছিল ১০ থেকে ১৩ বছর আর নারীটি ৩০ বছরের সামান্য কমবেশি হতে পারে। আর তাঁদের এই পরিণতি হয়েছে সম্ভবত ১৭ লাখ ৮০ হাজার থেকে ১৯ লাখ ৫০ হাজার বছর আগে।বারগার এবং তাঁর সহযোগী গবেষকেরা জানিয়েছেন, এযাবৎকালে খুঁজে পাওয়া ওই সময়কার অন্যান্য কঙ্কালের সঙ্গে এই কঙ্কাল দুটির কিছু মিল-অমিল তাঁরা চিহ্নিত করেছেন। যেমন এই কঙ্কাল দুটির হাতের আঙুল বেশ ছোট, তবে হাতের আকার বেশ লম্বা। আবার আগে পাওয়া অন্যগুলোর তুলনায় এই কঙ্কাল দুটির পাও বেশ লম্বা। এর অর্থ এই দাঁড়ায় যে ওই সময় মানুষ বেশ দ্রুত দৌড়াতে শেখে এবং মানুষের চলাফেরাও অনেক বেড়ে যায়।কিন্তু এত কিছু সত্ত্বেও তখনো পর্যন্ত তাদের পায়ের গড়ন বিবর্তনের প্রাথমিক পর্যায়ে। কাজেই ওই অবস্থায় তারা যেমন হুড়দুড় করে গাছে চড়তে পারে, একই সঙ্গে বেশ দৃঢ় পদক্ষেপে হাঁটতেও পারে।তবে তাদের মাথার গড়ন তখনো পর্যন্ত উল্লেখযোগ্যভাবে ছোট। কিন্তু তত দিনে পেলভিজের গড়নে বেশ পরিবর্তন এসেছে এবং দাঁতও অনেক ছোট হয়ে গেছে, যা আধুনিক মানুষের অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য।তাহলে কি অস্ট্রোলোপিথিকাস সেডিবা ‘খুঁজে না পাওয়া সেই যোগসূত্র’ বিজ্ঞানীরা যার খোঁজে আছেন? বারগার বিষয়টিকে ঠিক সেভাবে দেখতে চান না। তিনি বলেন, ‘আমি ঠিক এভাবে বলতে চাই না। তবে সন্দেহ নেই এই কঙ্কাল দুটি বিবর্তনের এমন একটি পর্যায়ের, যার সঙ্গে পরের যুগের বৈশিষ্ট্যগত অনেক মিল আছে। ১৭ থেকে ২০ লাখ বছর পর্যন্ত মানুষের বিবর্তনের ইতিহাসের অন্ধকারাচ্ছন্ন যে অধ্যায়, নতুন এই আবিষ্কার তার ওপর নতুন করে আলোকপাত করতে পারে।’ সূত্র: সিএনএন, বিবিসি অনলাইন।