বিবাহ বিচ্ছেদের কথা জানালেন আল গোর-টিপার দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দশক সংসার করার পর যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ও তাঁর স্ত্রী ম্যারি এলিজাবেথ টিপার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার গোর দম্পতির ঘনিষ্ঠ বলে পরিচিত ক্রেইডার এ তথ্য জানান। ক্রেইডার জানান, গোর দম্পতি গত মঙ্গলবার ই-মেইল বার্তায় বিষয়টি তাঁদের বন্ধুবান্ধবদের জানিয়েছেন। ওই বার্তায় বলা হয়, ‘দীর্ঘ আলোচনা এবং চিন্তাভাবনা করে সমঝোতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ আদর্শ দম্পতি হিসেবে গোর দম্পতি মার্কিনিদের কাছে বহুল আলোচিত। ১৯৬৫ সালে এক নাচের অনুষ্ঠানে প্রথম সাক্ষাতের পর ১৯৭০ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ৬২ বছর বয়সী আল গোর ও ৬১ বছরের টিপার তাঁদের এই সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ উল্লেখ করেননি। এই দম্পতির কোনো সমস্যা নিয়ে কখনো সংবাদ মাধ্যমে খবর আসেনি।আল গোরের ঘনিষ্ঠজনেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে গোর বাইরের জগৎ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিশ্ব উষ্ণায়নবিরোধী অভিযানে অংশ নিতে বিশ্বজুড়ে সফর আর ব্যবসায়িক ব্যস্ততার কারণে তাঁরা ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। এর পরিণতিতে তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছান। ই-মেইল বার্তায় আল গোর বলেন, ‘আমাদের পারিবারিক এবং ব্যক্তিজীবনের গোপনীয়তার প্রতি যেন শ্রদ্ধা দেখানো হয়। এ ব্যাপারে আমাদের আর কোনো মন্তব্য নেই।’সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আল গোর। পরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।