বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন শোয়ার্জেনেগারের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও চলচ্চিত্র অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের স্ত্রী মারিয়া শ্রিভার তালাক চেয়ে আদালতে আবেদন করেছেন। লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র কোর্টে গত শুক্রবার তিনি আবেদন দাখিল করেছেন।তালাকের আবেদনপত্রে শ্রিভার বলেছেন, স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না। তাঁদের দুই সন্তান প্যাট্রিক (১৭) ও ক্রিস্টোফারকে (১৩) যৌথভাবে বাবা-মায়ের হেফাজতে এবং নিজের খোরপোষ দাবি করেছেন শ্রিভার। এ ছাড়া তাঁদের আরও দুটি প্রাপ্তবয়স্ক সন্তান আছে। একজন ক্যাথেরিন (২১) ও অন্যজন ক্রিস্টিনা (১৯)।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগনি শ্রিভারের সঙ্গে শোয়ার্জেনেগারের প্রথম সাক্ষাত্ হয় ১৯৭৭ সালে। তাঁরা বিয়ে করেন ১৯৮৬ সালে। এখন শোয়ার্জেনেগারের বয়স ৬৩ এবং শ্রিভারের ৫৫।শোয়ার্জেনেগার গত মে মাসে স্বীকার করেন, তাঁদের দীর্ঘদিনের গৃহপরিচারিকা মিলড্রেড বায়েনারের গর্ভে তাঁর একটি সন্তান জন্ম নিয়েছে। এই স্বীকারোক্তির পাশাপাশি তিনি স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দেন।মে মাসে লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে শোয়ার্জেনেগার বলেন, ‘অনেক চিন্তাভাবনা ও আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা আলাদা থাকছি এবং ভবিষ্যত্ সম্পর্ক নিয়ে পরিকল্পনা করছি।’ এএফপি।