বিবিসি নিয়ন্ত্রণে
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির ওপর যুক্তরাজ্য সরকারের কর্তৃত্ব বৃদ্ধির পরিকল্পনা গতকাল বৃহস্পতিবার ঘোষণা করার কথা রয়েছে। তবে ব্যাপক আকারে ব্যয় কমানোর প্রস্তাব বাস্তবায়ন করা হচ্ছে না। যুক্তরাজ্যের গণমাধ্যম-বিষয়ক মন্ত্রী জন হুইটিংডেল পার্লামেন্টে এ-সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করার কথা রয়েছে। পরে এই প্রস্তাব নিয়ে পার্লামেন্টে আলোচনার পর বছরের শেষ দিকে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সরকারের শ্বেতপত্র অনুযায়ী, বিবিসি এখন থেকে একটি স্বাধীন গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা অফকম দ্বারা নিয়ন্ত্রিত হবে। গণমাধ্যমটির ৯০ বছরের ইতিহাসে এই প্রথম এমন নিয়ন্ত্রণের ঘটনা ঘটতে যাচ্ছে। এখন থেকে বিবিসির দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালিত হবে নতুন বোর্ডের মাধ্যমে। সরকার বোর্ডে সদস্য নিয়োগ দিতে পারবে। তবে প্রতিষ্ঠানটির সম্পাদকীয় স্বাধীনতা যেন ক্ষুণ্ন না হয় সে জন্য বিবিসি কমপক্ষে বোর্ডের অর্ধেক সদস্য মনোনয়ন দিতে পারবে।