বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক ও শিশুদের ওপর যৌন নির্যাতনসংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া জিমি সেভিলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে নতুন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে। প্রতিবেদনটির প্রায় তিন হাজার পৃষ্ঠা প্রতিলিপি প্রকাশ করা হবে। বিবিসির নিউজনাইট প্রোগ্রামের পক্ষ থেকে জিমি সেভিলের বিরুদ্ধে ওই তদন্ত শুরু হলেও পরে তা স্থগিত করা হয়। বিবিসির ওই পদক্ষেপ নিয়ে নতুন তদন্ত পরিচালনা করেন স্কাই নিউজের সাবেক প্রধান নিক পোলার্ডের নেতৃত্বে একটি দল।পোলার্ড তদন্ত দলের প্রকাশিত হতে যাওয়া প্রতিবেদনে বিবিসির কর্মকর্তা ও সাংবাদিকদের সাক্ষাৎকার, বেশ কিছু ই-মেইল ও অন্যান্য তথ্য-প্রমাণ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রায় ৯০ পৃষ্ঠার তথ্য কিছু কাটছাঁট করে অন্তর্ভুক্ত করা হয়েছে।ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সাবেক কোষাধ্যক্ষ লর্ড ম্যাক আলপাইনের নেতৃত্বে নিউজনাইট প্রোগ্রামের পৃথক একটি তদন্ত দল অভিযোগ করেছে, সেভিলের যৌন কেলেঙ্কারি নিয়ে জ্যেষ্ঠ নির্বাহীদের সমালোচনা আড়াল করে বিবিসি ‘সিক্রেট সার্ভিসের’ মতো আচরণ করেছে। ম্যাক আলপাইন পোলার্ড তদন্ত দলের পূর্ণ প্রতিবেদন প্রকাশ করারও দাবি জানিয়েছেন। সেভিলের কেলেঙ্কারি নিয়ে ছয় সপ্তাহ তদন্ত চালিয়ে তা স্থগিত করে দেওয়ার পেছনে বিবিসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যর্থতা ছিল কি না, সেটি খতিয়ে দেখতে নতুন ওই তদন্ত দল গঠন করা হয়। ২০১১ সালের ডিসেম্বরে নিউজনাইট প্রোগ্রাম ওই তদন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেয়। বিবিসি ও টেলিগ্রাফ।