উত্তর কোরিয়ায় শিক্ষা সফরের সময় শিক্ষার্থীদের ওপর বিপদের ঝুঁকি তৈরির জন্য বিবিসিকে দায়ী করেছে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়। উত্তর কোরিয়ার ওপর গোপনে একটি প্রামাণ্যচিত্র তৈরির জন্য বিবিসির একজন সাংবাদিক শিক্ষকের ছদ্মবেশে ওই শিক্ষা সফরে অংশ নেন।যুক্তরাজ্যের সুপরিচিত বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অব ইকোনমিক্সের (এলএসই) কর্তৃপক্ষ বলেছে, বিবিসি এ কাজ করে ছাত্রদের ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানটির সম্প্রচার না করার আহ্বান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টির ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যালেক্স পিটার ডে বলেন, বিবিসি ছাত্রদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। এলএসইর উদ্বেগ: লন্ডন স্কুল অব ইকোনমিক্সের একদল শিক্ষার্থী যখন উত্তর কোরিয়ায় শিক্ষা সফরে গেছেন, তখন তাঁদের সঙ্গে ইতিহাসের অধ্যাপক পরিচয়ে বিবিসির একজন সাংবাদিক জন স্যুইনিও সেখানে যান। তাঁর উদ্দেশ্য, গোপনে কিছু ভিডিও ধারণ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা।বিশ্ববিদ্যালয়টি বলছে, বিবিসির এই উদ্দেশ্যের বিষয়ে তাদের শিক্ষার্থীদের কিছুই জানানো হয়নি। এই অনুষ্ঠানটি প্রচারিত হলে প্রতিষ্ঠানটির সুনামও নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।নািস রাষ্ট্র: বিবিসির একটি জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিকতার অনুষ্ঠান প্যানারোমা। প্যানারোমার ওই সাংবাদিক গোপনে, ছদ্মবেশে উত্তর কোরিয়ায় ঘুরে বেড়িয়েছেন আট দিন এবং একটি অনুসন্ধানী তথ্যচিত্র তৈরি করেছেন। ওই সাংবাদিক উত্তর কোরিয়াকে উল্লেখ করেছেন ‘নািস রাষ্ট্র’ হিসেবে। তিনি বলেছেন, দেশটা অনেকটাই হিটলারের আমলের জার্মানির মতো। খুবই ভীতিকর আর অন্ধকার এক পরিস্থিতি বিরাজ করছে উত্তর কোরিয়ায়।বিবিসির বক্তব্য: প্যানারোমার সাংবাদিক জন স্যুইনি বলেছেন, ছাত্রছাত্রীদের আগেভাগেই জানানো হয়েছে যে তাঁদের সঙ্গে একজন সাংবাদিকও যোগ দিয়েছেন। শিক্ষার্থীদের বেশির ভাগই এই অনুষ্ঠানের বিষয়ে কোনো আপত্তি জানাননি, বরং তাঁরা সেটা পছন্দই করেছেন।”বিবিসি বলছে, এলএসইর বক্তব্যের সঙ্গে তারা একমত নয়। অনুষ্ঠানটির সম্প্রচার আটকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই অনুষ্ঠানটি গতকাল সোমবার রাতে টেলিভিশনে দেখানোর কথা ছিল। বিবিসি, দ্য গার্ডিয়ান।