বিভক্ত শহর ও গ্রামের ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্নির্বাচিত নাজিব রাজাক, রয়টার্স
পুনর্নির্বাচিত নাজিব রাজাক, রয়টার্স

মালয়েশিয়ার এবারের সাধারণ নির্বাচন বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের নজর কেড়েছে। তার কারণও আছে। ভোট পড়ার হার ছিল রেকর্ড মাত্রার। তার ওপর দেশটির ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা হয়েছে একে। পরাজিত বিরোধী জোটের পক্ষ থেকে তোলা ব্যাপক দুর্নীতির অভিযোগ আলোচনায় নতুন মাত্রা যোগ করে।

মালয়েশিয়ার এবারের নির্বাচনে ভোটারদের সামনে পছন্দ ছিল দুটি: ৫৬ বছর ধরে ক্ষমতাসীন দলের জোটকে বহাল রাখা। অথবা অপরীক্ষিত বিরোধী দলকে দেশ শাসনের সুযোগ দেওয়া। ভোটের ফলাফলে নাগরিকদের মধ্যে একধরনের বিভেদের ছাপ সুস্পষ্ট হয়ে উঠেছে। দেখা গেছে, গ্রামের সরকারি সুবিধাভোগী ভোটাররা ক্ষমতাসীন জোটকে ব্যাপক সমর্থন দিয়েছে। অন্য দিকে শহুরে মধ্যবিত্ত শ্রেণীর ভোটাররা বেশির ভাগই সমর্থন করেছে বিরোধী জোটকে।

৫ মে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল (বিএন) পার্লামেন্টের ২২২টি আসনের মধ্যে পেয়েছে ১৩৩টি। জোটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন নাজিব রাজাক। বাকি ৮৯টি আসন পেয়েছে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট পাকাতান রাকিয়াত। ২০০৮ সালের নির্বাচনের চেয়ে দুটি আসন কম পেয়েছে তারা।

বিএন জোট ক্ষমতায় বহাল থাকবে বলে অবশ্য আগেই আভাস পাওয়া গিয়েছিল। নির্বাচনের আগে জনমত জরিপে আভাস মেলে বিএন ৩৮ শতাংশ ভোট পেতে পারে। বাস্তবে পেয়েছে আরও বেশি, ৪৮ শতাংশ ভোট। তবে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট তা মেনে নেয়নি। ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে আনোয়ার ইব্রাহিম বলেছেন, নির্বাচনে অভিবাসী লোকজন দিয়ে প্রচুর ভুয়া ভোট দেওয়া হয়েছে।

বিরোধী জোটের এই দাবিকে সমর্থন দিয়ে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ব্রিজিট ওয়ালশ বলেন, ‘আমরা এখানে যা দেখছি, তা হচ্ছে একটি সরকারের ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা।’ নির্বাচনে ভোট কেনা ও ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

ভোট জালিয়াতির বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার সংখ্যালঘু, বিশেষ করে চীনা বংশোদ্ভূত নাগরিকেরা। তারা বরাবরের মতো এবারও বিএনকে বর্জন করেছে। চীনা জাতিগত গোষ্ঠীর রেনি চং পেশায় একজন গণসংযোগ উপদেষ্টা। নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষোভ আর হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এখন থেকে চীনারা এখানে আরও কোণঠাসা হয়ে পড়বে। আমার তো ভয় হচ্ছে, দেশে সংখ্যালঘুদের কোনো স্থানই আর থাকবে না।’

কুয়ালালামপুর মালয়েশিয়ার সবচেয়ে বড় শহর। সেখানকার ১১টি পার্লামেন্ট আসনের মধ্যে নয়টি আসনই কবজা করেছে বিরোধীদলীয় জোট। বাকি দুটি আসনে তারা হেরেছে অল্প ব্যবধানে। ইলেকট্রনিক সামগ্রীর কলকারখানা আর সাগরতীর ঘেঁষা অবকাশ কেন্দ্রের জন্য বিখ্যাত চীনা-সংখ্যাগরিষ্ঠ পেনাং রাজ্যেও ন্যাশনাল ফ্রন্ট ধরাশায়ী হয়েছে। হারের ব্যবধান এমনই যে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে দল থেকে পদত্যাগ করেছেন সেখানকার জোটপ্রধান।

কিন্তু গ্রামগুলোর চিত্র ভিন্ন। সেখানে এমন অনেক ভোটার রয়েছে, যারা সপরিবারে যুগ যুগ ধরে বিএনের সমর্থক। এসব ভোটার সরকারি টিভি চ্যানেল এবং পত্রিকার নিয়মিত দর্শক ও পাঠক। সরকারের কাছথেকে তাঁরা নগদ অনুদানসহ অনেক সুবিধাও পায়। অনেকের আশঙ্কা, বিরোধী জোট ক্ষমতায় এলে বৃত্তি ও সহজ শর্তে ঋণ পাওয়ার মতো সুবিধাগুলো বাদ দেওয়া হতে পারে। অন্যদিকে শহুরে ভোটারেরা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের ওপর নির্ভরশীল নয়। সরকারের ভালো-মন্দ উভয়ই তাদের নখদর্পণে।

নাজিব রাজাক সরকারের ক্ষমতায় ফিরে আসার বিষয়টিকে অনেকেই ভালোভাবে নেয়নি। বিশেষ করে ভোট জালিয়াতির অভিযোগ অনেক ক্ষোভের জন্ম দিয়েছে যা কালক্রমে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। নাগরিকদের ক্ষোভ প্রশমনে নতুন মেয়াদে ক্ষমতাসীন সরকারকে অবশ্যই দুর্নীতি দমন এবং জাতি ও শ্রেণীগত বৈষম্য দূর করাসহ বিভিন্ন বিষয়ে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিজেও হয়তো এ সব ভেবেছেন। কারণ, নির্বাচিত হয়েই তিনি ‘জাতীয় ঐক্যের’ ডাক দিয়েছেন।

l শরিফুল ইসলামভূঁইয়া