বিভক্তির রাজনীতিতে ঝুঁকির মুখে বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন দেশের যেসব নেতা বিদ্বেষ ও বিভক্তির রাজনীতি করছেন, তাঁরা মূলত পুরো বিশ্বকে ক্রমবর্ধমান হুমকির মুখে ফেলে দিচ্ছেন বলে হুঁশিয়ারি দিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
নিজেদের বার্ষিক প্রতিবেদনের বিভক্তি ও হুমকির রাজনীতির উদাহরণ দিতে গিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশেষভাবে উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্পের নাম। এর পাশাপাশি তুরস্ক, ফিলিপাইন, হাঙ্গেরিসহ বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী নেতাদেরও সমালোচনা করা হয়েছে।
ফ্রান্সের প্যারিসে বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যামনেস্টির জেনারেল সেক্রেটারি সালিল শেট্টি বলেন, ভীতি ও আতঙ্কের বিষাক্ত রাজনীতি বিশ্বকে আরও বেশি অনিরাপদ, অসম ও ভঙ্গুর করে তুলছে। তিনি সুনির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, এই নেতারা ‘আমরা বনাম তারা’ ধারণার মাধ্যমে বিভক্তি ছড়াচ্ছেন।
এর আগে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের পর সংস্থাটি বলেছিল, ট্রাম্প মুসলমান শরণার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
এবারের বার্ষিক প্রতিবেদনে ১৫৯টি দেশের মানবাধিকার পরিস্থিতি উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অনেক রাজনীতিবিদ যাঁরা নিজেদের প্রথাবিরোধী পরিচয় দেন, তাঁরা বিষাক্ত বক্তব্য ও ধারণার প্রসার ঘটাচ্ছেন। তাঁদের এসব বক্তব্য মানুষকে ব্যথিত করে, অপদস্থ করে এবং বলির পাঁঠা বানায়।
সংস্থাটি বলছে, বিভিন্ন দেশের সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শরণার্থীদের নিপীড়ন করছে। এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে শরণার্থীদের লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য বাড়ছে। এর ফলে ভবিষ্যতে দেশ, জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে হামলার ঘটনা আরও বাড়বে।
ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে সংস্থাটি মন্তব্য করে, নির্বাচনী প্রচারণার সময়ের বিদ্বেষ-বিভক্তিমূলক বক্তব্যগুলোয় তিনি জয়ী হওয়ার পর নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করছেন। এর মধ্যে একটি ছিল নির্বাহী আদেশে শরণার্থী ও সাতটি মুসলিম দেশের লোকজনের প্রবেশ বন্ধ করা।
প্রতিবেদনে বলা হয়, গত বছর ৩৬টি দেশ শরণার্থীদের বেআইনিভাবে ফিরিয়ে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সিরিয়ার শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ অস্ত্র বিক্রি বন্ধ করেনি।