বিভাজন সারিয়ে ওঠাই এখন লক্ষ্য: টিউলিপ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে বড় রকমের চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তবে গণভোটের এই ফলাফলকে শ্রদ্ধা জানিয়ে বিরোধী দল লেবার পার্টির এই এমপি বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হতে হবে এই গণভোটের ফলে সমাজে যে বিভাজন সৃষ্টি হয়েছে, সেটিকে সারিয়ে তোলা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ গতকাল শুক্রবার এক বিবৃতিতে গণভোটের ফলাফলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যুক্তরাজ্য যাতে ইইউর সঙ্গেই থাকে, সে জন্য প্রচার চালিয়েছিলেন টিউলিপ।
নিজের চাওয়ার বিপরীত ফলাফল হওয়ায় ইইউতে থাকার পক্ষের অন্য সব প্রচারকের মতো একই রকম ব্যথিত হয়েছেন বলে জানান টিউলিপ। তিনি বলেন, ‘এই গণভোটের পরিণতি এবং আমাদের সম্মিলিত ভবিষ্যতের বিষয়ে বড় ধরনের আলোচনায় শামিল হতে হবে। এই মুহূর্তে আমার আন্তরিক আশা, আসন্ন পরিবর্তনের মুখে ঝুঁকিতে পড়া মানুষের রক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
যাঁরা ইইউতে থাকার পক্ষে প্রচার চালিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান টিউলিপ। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেসব বিষয় আমাদের মধ্যে বিভাজন ঘটায়, তার চাইতে বেশি কিছু আছে, যা আমাদের ঐক্যবদ্ধ করতে পারে।’