বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি পেলেন আবদুল কাদির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিতর্কিত পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খানকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে সে দেশের সরকার। ইরান, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশে পরমাণু প্রযুক্তি পাচারের কথিত অভিযোগে দীর্ঘ প্রায় ছয় বছর কার্যত গৃহবন্দী থাকার পর পাকিস্তান সরকার তাঁকে এ অনুমতি দিল।লাহোর হাইকোর্ট সম্প্রতি এক রায়ে কাদির খানের চলাফেরার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেন। এর পর থেকে তাঁকে বিভিন্ন স্থানে দেখা যায়। সম্প্রতি তাঁকে খোস্ত মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে। কাদির খান গত বৃহস্পতিবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাদির খান বলেন, ‘আদালত আমাকে স্বাধীনভাবে চলাফেরার অনুমতি দিয়েছেন। তবে বয়স বেড়ে যাওয়ায় এবং স্বাস্থ্য ভালো না থাকায় প্রায় সময়ই আমি বাড়িতে অবস্থান করি।’ টাইমস অব ইন্ডিয়া।