বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশন আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কূটনৈতিক মিশন গতকাল রোববার খুলে দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠন আল-কায়েদার হুমকির কারণ দেখিয়ে এসব দূতাবাস ৪ আগস্ট থেকে বন্ধ রাখা হয়েছিল। তবে ইয়েমেনে মার্কিন দূতাবাসটি এখনো বন্ধ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত মার্কিন দূতাবাসটি ‘চলমান উদ্বেগের কারণে’ বন্ধ রাখা হবে। আর পাকিস্তানের লাহোরে অবস্থিত একটি কনস্যুলেট পৃথক হুমকির কারণে বন্ধ থাকবে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। আর বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তা, পর্যটক ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যাবতীয় তথ্য পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। তবে ঈদের ছুটির কারণে সৌদি আরব ও কাতারসহ একাধিক মুসলিম দেশে গতকালও মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশন বন্ধ ছিল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মার্কিন দূতাবাস গতকাল খুলেছে। দুবাইতে মার্কিন কনস্যুলেট গতকাল চালু হয়েছে। লিবিয়ায় মার্কিন দূতাবাসও গতকালই খুলেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দূতাবাসে হামলার ষড়যন্ত্র হচ্ছে বলে মার্কিন সরকারের কাছে তথ্য ছিল। বিবিসি ও এএফপি।