বিভিন্ন দেশে লিবিয়ার দূতাবাসে অস্ত্র মজুদ করেছিলেন গাদ্দাফি!
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকার বিশ্বের বিভিন্ন দেশে তাদের দূতাবাসে গোপনে অস্ত্র মজুদ করে রেখেছিল। তবে এর আসল উদ্দেশ্য পরিষ্কার নয়। লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল আজিজ গত বৃহস্পতিবার এসব তথ্য জানান। বিভিন্ন লিবীয় দূতাবাসে পাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, এসএমজি (সাব-মেশিনগান), হাতবোমা, বোমা তৈরির রাসায়নিক উপাদান ইত্যাদি। এসব অস্ত্র ও অস্ত্র তৈরির উপাদান কূটনৈতিক ব্যাগে ভরে স্থানান্তর করা হয়েছে। সম্ভবত বিদেশে গাদ্দাফিবিরোধী লিবীয় নাগরিকদের দমন বা শত্রুপক্ষের দেশগুলোর দূতাবাসের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে সেগুলো মজুদ করা হয়েছিল। আবদুল আজিজ বলেন, লিবীয় দূতাবাসগুলোতে নতুন সরকারের কূটনীতিকেরা দায়িত্ব নেওয়ার পর এসব অস্ত্রের মজুদ খুঁজে পান। শুধু দু-একটি দেশে নয়; এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এভাবে গাদ্দাফির কর্মকর্তারা অস্ত্র পাঠিয়েছিলেন।গাদ্দাফি প্রশাসনের বিরুদ্ধে লিবিয়ার অভ্যন্তরে সম্ভাব্য অভিযানের আশঙ্কার পরিপ্রেক্ষিতেই এসব অস্ত্র লিবীয় দূতাবাসগুলোতে লুকিয়ে রাখা হয়েছিল কি না, এ প্রশ্নের জবাবে আবদুল আজিজ বলেন, ‘আমার মাথায় শুধু একটি সন্দেহ রয়েছে এমনটি নয়।’৪২ বছর ধরে লিবিয়া শাসন করার সময় গাদ্দাফির বিরুদ্ধে নানা সময়ে বিভিন্ন দেশে সহিংসতার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগ ওঠে। ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবি এলাকার আকাশে মার্কিন বিমানে বোমা হামলা এবং ১৯৮৪ সালে লন্ডনে লিবীয় দূতাবাসের সামনে একজন ব্রিটিশ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা—এসব ঘটনার মধ্যে অন্যতম।লিবীয় দূতাবাসে অস্ত্র রাখার ঘটনা ইঙ্গিত দেয়, গাদ্দাফি বিদেশে হত্যা-পরিকল্পনা ফাঁদছিলেন, যদিও তিনি নব্বইয়ের দশকে সহিংসতা পরিহার করার ঘোষণা দিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মনোযোগ দেন। রয়টার্স।