চীনের সঙ্গে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বাণিজ্যিক বৈষম্য কমিয়ে আনা হবে। গতকাল রোববার বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের সদস্যপদ লাভের এক দশক পূর্তি উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট হু জিনতাও এ অঙ্গীকার করেছেন। বেইজিংয়ের গ্রেট হলে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে হু জিনতাও দাবি করেন, চীন বাণ্যিজ্যক্ষেত্রে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে না। তিনি বলেন, ‘চীনের সঙ্গে যেসব দেশের বাণিজ্যিক বৈষম্য রয়েছে, তাদের সঙ্গে আমরা অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করব এবং এই বৈষম্য কমিয়ে আনতে তাদের সঙ্গে একযোগে কাজ করব।’চীনের প্রেসিডেন্ট বলেন, আগামী পাঁচ বছরে চীনের আমদানির পরিমাণ বেড়ে আট ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যা অন্যান্য দেশের জন্য অফুরন্ত সুযোগ তৈরি করবে। চীনের ‘পক্ষপাতদুষ্ট বাণিজ্যচর্চাকে’ দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। নাজুক অর্থনৈতিক পরিস্থিতি এবং বেকারত্বের উচ্চ হারের কারণে অধিকাংশ মার্কিন নাগরিক এখন সরকারের ওপর ক্ষুব্ধ। মার্কিন আইনপ্রণেতাদের অভিযোগ, অন্যায্যভাবে চীনের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন ঘটানোর ফলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-ঘাটতি দিন দিন বেড়েই চলেছে। এএফপি।