বিভিন্ন পক্ষকে সমঝোতায় আনতে দারুণদক্ষ তিনি
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে দেশটির ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী ও কংগ্রেস নেতা প্রণব মুখার্জির অবস্থান আরও সুসংহত হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রণব রাষ্ট্রপতি নির্বাচিত হলে আগামী লোকসভা নির্বাচনের পর কে সরকার গঠন করবে, সে ব্যাপারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার প্রণবের প্রতি তাঁর সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, প্রণবের প্রতি মমতার সমর্থন রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর অবস্থান সুসংহত করেছে। আরও ছোট ছোট কিছু আঞ্চলিক দলের সমর্থন নিয়ে প্রণব মুখার্জিই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে, ভারতে জোটের রাজনীতির কারণে আগামী লোকসভা নির্বাচনে কে জয়লাভ করবে, তা বলা কঠিন। ২০১৪ সালে দেশটিতে পরবর্তী লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রণব রাষ্ট্রপতি নির্বাচিত হলে ওই লোকসভা নির্বাচনের পর কারা সরকার গঠন করবে, সে ব্যাপারে প্রণবের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।ভারতের অন্যতম রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক টি কে ত্রিপাঠি বলেন, ভারতের জোটের রাজনীতিতে কোনো স্থায়ী সমীকরণ নেই। এ কারণেই লোকসভা নির্বাচনের পর ভারতের জটিল রাজনীতিতে তখন প্রণব গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন। ২০০৯ সালের নির্বাচনে ইউপিএ জয়লাভের পর দুর্নীতিসহ নানা কেলেঙ্কারিতে কংগ্রেসের অবস্থা কিছুটা নাজুক হয়ে পড়ে। এ সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী প্রণব নানা পদক্ষেপ নিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সক্ষম হন।আবার ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অবস্থানও যে খুব ভালো, তা বলা যাবে না। তাই এটা বলাই যায়, আগামী লোকসভা নির্বাচনের পর প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপিকে আঞ্চলিক ছোট দলগুলোর সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে।নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজের সঞ্জয় কুমার বলেন, ভারতের রাজনীতিতে প্রতি দলই সরকার গঠনের জন্য নতুন নতুন শরিক দল খোঁজে। বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনেও বিষয়টি দেখা যাচ্ছে। প্রণব রাষ্ট্রপতি নির্বাচিত হলে আগামী সরকার গঠনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এ কারণে যে তিনি বিভিন্ন পক্ষকে সমঝোতায় আনতে দারুণ দক্ষ। এএফপি।